‘সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ জরুরি’

সুশাসন প্রতিষ্ঠা ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে এগিয়ে আসতে হবে।

বুধবার (৫ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষের কিন্নরী হলরুমে “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) আয়োজিত এবং কাপ্তাই উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। তিনি বলেন, “বর্তমান সময়ে গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সাংবাদিকদের অবশ্যই তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে। গুজব প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক) মো. সাঈদ হাসান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, তথ্য অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ড. প্রবীর খিয়াং এবং উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা।

স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসাইন। সভায় কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। উপস্থিত সাংবাদিকরা সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের করণীয় নিয়ে মতামত ব্যক্ত করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।