ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ বিকেলে এই আদেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, চেম্বার আদালতের সিদ্ধান্তে ডাকসু নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা নেই।
এর আগে হাইকোর্ট এক রিটের প্রাথমিক শুনানিতে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা স্থগিত করেছিলেন। তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা। এই নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন।
হাইকোর্টের স্থগিতাদেশের খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান। পরে চেম্বার আদালতের আদেশের খবর পাওয়ার পর তারা উচ্ছ্বাস প্রকাশ করেন, ‘ভি’ চিহ্ন দেখিয়ে এবং ‘ডাকসু ডাকসু’, ‘৯ তারিখ ৯ তারিখ’ স্লোগান দেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।



মন্তব্য নেওয়া বন্ধ।