হাটহাজারীতে ব্রি’র উদ্যোগে আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ কার্যক্রম বাস্তবায়ন

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে আধুনিক কৃষি যান্ত্রিকীকরণের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) চট্টগ্রাম স্যাটেলাইট স্টেশন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকের জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক আপ্রু মারমা। তিনি বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কম বয়সী চারা রোপণ করলে সময়, শ্রম ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি ধানের উৎপাদনও বৃদ্ধি পাবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষ সম্প্রসারণে ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ওমর ফারুক এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ সময় বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া গ্রামকে প্রযুক্তি গ্রাম হিসেবে গড়ে তুলতে কৃষি যন্ত্রপাতির ব্যবহার, প্রদর্শনী ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কার্যক্রমে অংশ নেওয়া কৃষকেরা জানান, আধুনিক যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে ধান রোপণ করা সম্ভব হওয়ায় শ্রমিক ব্যয় কমেছে এবং এতে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন।

উল্লেখ্য, এলএসটিডি প্রকল্পের আওতায় চারিয়া প্রযুক্তি গ্রামে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণের পাশাপাশি আধুনিক ধানের জাতসমূহ জনপ্রিয়করণ, ধানের উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা এবং এলাকার উপযোগী নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

মন্তব্য নেওয়া বন্ধ।