হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ, উৎসবে মুখর হালদার পাড়

চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার (২৯ মে) রাত ২টার দিকে নদীর হাটহাজারী উপজেলার মাদার্শা আমতুয়া এলাকায় রুই জাতীয় মা মাছগুলো পুরোদমে ডিম ছাড়ে। এর পরপরই নদীর বিভিন্ন অংশে ডিম সংগ্রহ শুরু করেন স্থানীয় জেলেরা।

হালদা নদী গবেষক ড. মো. শফিকুল ইসলাম শুক্রবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে জোয়ারের সময় ও প্রবল বর্ষণের প্রভাবে হালদার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় মা মাছ ডিম ছাড়ে। শুক্রবার সকাল ৭টা পর্যন্ত নদীর দুই পাড়ে শতাধিক নৌকায় ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেছেন।

ডিম সংগ্রহকারী মোঃ শফিউল আলম জানান, মঙ্গলবার ও বৃহস্পতিবার নমুনা ডিম সংগ্রহের পর আমরা অপেক্ষায় ছিলাম। অবশেষে বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টি, বজ্রপাত ও পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মা মাছ ডিম ছাড়ে। রাত ২টার পর থেকে সকাল পর্যন্ত আমরা ডিম সংগ্রহ করেছি।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সঠিক পরিমাণে কত ডিম সংগ্রহ করা হয়েছে, তা জানা যায়নি।

প্রসঙ্গত, এপ্রিল থেকে জুন মাস হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময়। সাধারণত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীর পানিপ্রবাহ বাড়ে, তখন মা মাছ ডিম ছাড়ে।

মন্তব্য নেওয়া বন্ধ।