হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে সেমিনার

ফটিকছড়িতে হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। ফটিকছড়ি উপজেলা মৎস্য অফিসার মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের হ্যাচারি অফিসার নাজমুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহীদ ভূইঁয়া,উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর হোসাইন মুহাম্মদ এমরান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, সাংবাদিক মুহাম্মদ নাছির উদ্দিন, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরাফাত, রোসাংগিরী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ জকরিয়া, ইউপি সদস্য রাজীব প্রমুখ। 

এ সময় বক্তারা হালদা নদী ও মৎস্য সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, হালদা নদীর উৎপত্তি, বিস্তার এবং সমাপ্তি সবই বাংলাদেশের অভ্যন্তরে।

তারা বলেন, হালদা নদী এখন আন্তর্জাতিকভাবে একটি জনপ্রিয় নদীতে রূপ নিয়েছে। হালদা বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী, যেখান থেকে রুইজাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ) নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়।

বক্তারা বলেন, এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনষ্ট না হয়, এখানে মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এর যাতে দূষণ না হয়, জলবায়ু পরিবর্তনের কারণে এটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়গুলো নিয়ে সকলকে কাজ করতে হবে।

সেমিনারে হালদার পাড়ের বাসিন্দা, মৎস্যজীবি, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।