চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশের প্রথমদিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস আনোয়ারা উপজেলার কমিশনার মোহাম্মদ ওসমান গণী। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাফর-আয়েশা ফাউন্ডেশনের পরিচালক আরিফ সিকদার, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহদাত হোসেন, চট্টগ্রাম জেলা স্কাউটসের সম্পাদক মো. সেলিম উদ্দিন এএলটি।
এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এসএম হাবিব উল্লাহ হিরু, আঞ্চলিক উপ কমিশনার ইমরান হাসান রাসেল, লোহাগাড়া উপজেলা সম্পাদক মোবারক আলী, উপজেলা স্কাউট লিডার যুবরাজ চন্দ্র দাস, অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. মনজুরুল কবির।
অতিথিরা স্কাউটদের দেশপ্রেম, সেবার মানসিকতা, শৃঙ্খলা এবং আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তারা স্কাউট কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং মানবিকতা ও দেশ গড়ার কাজে অবদান রাখার জন্য উৎসাহিত করেন।
আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এ আয়োজন। সমাবেশে উপজেলার অন্তত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক স্কাউট সদস্য অংশগ্রহণ করছে। আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে কুচকাওয়াজ, ক্যাম্পিং, তাঁবু স্থাপন, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, উদ্ধার কার্যক্রম, বিভিন্ন দক্ষতা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।


