১৫ বছর পর মাতৃভূমিতে ফেরা

রাজনৈতিক কারণে দীর্ঘদিন নিজ মাতৃভূমি থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি হাসান নূরী। মাতৃভূমির টানে এলাকায় আসতে চাইলেও বারবার ব্যার্থ হয়ে যেতে হয়েছে অন্যত্র। অবশেষে ক্ষমতার পালাবদল নূরীকে আবারও ফিরিয়েছে নিজ মা-মাটির কাছে।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর হাসান নূরী দেশে ফেরার আবেদন করেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে। সবকিছু ঠিক করে গত মাসের ২৮ আগস্ট দেশে ফিরেন এই যুবদল নেতা। পরে শনিবার (৩১ আগস্ট) মাতৃভূমি কালারমারছড়ায় পা রাখেন ইউনিয়ন যুবদল নেতা। এ সময় শত শত জনতা তাকে দেখতে রাস্তার দু’পাশে ভীড় করেন। যুবদল নেতা হাসান নূরী গাড়ি থেকে নামতেই কালারমারছড়া ইউনিয়নের সাধারণ মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

তিনি কালারমারছড়া বাজারে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং কালারমারছড়া বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন আপনারা শোষণ-নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে সেই শোষণ, বঞ্চনা ও নির্যাতনের দিন শেষ হয়েছে।

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানভীর সিদ্দিকীর কবর জেয়ারত করেন। এর পর যুবদল নেতা হাসান নূরী তানভীর সিদ্দিকীর পৈতৃক ভিটা পরিদর্শন করেন। পরে তিনি কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন হাসান নূরী।

এ সময় তিনি সবাইকে একটি সন্ত্রাসমুক্ত, শান্ত, সমৃদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।

এ সময় যুবদল নেতা ইকবাল, তমজিদ, দিদার, ছাত্রনেতা সৌরভ খান, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ বেলাল, শ্রমিকদল নেতা মোহাম্মদ মানিকসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।