খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুপারি বাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাক থেকে জব্দ করা হয় সেগুন, গর্জন, গামারি, গোলকাঠ, করইসহ বিভিন্ন প্রজাতির কাঠ। মোট ১৩৮ টুকরায় ৪৯৮ ফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমি। অভিযান চলাকালে বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিনও উপস্থিত ছিলেন।
সেনা সূত্রে জানা যায়, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পাহাড়ি বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ ও পাচারের চেষ্টা করছিল। সেনাবাহিনীর এই অভিযানে চক্রটির বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।