চকরিয়ায় আগুনে পুড়ে বসতঘর ছাই

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের।

সোমবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চ্যাপ্টাখালী ব্রিজসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রতিবেশী ও স্থানীয়রা ছুটে এসে নেভানোর চেষ্টা করেন।

ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মোজাম্মেল হক বলেন, আমার বসতঘর আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ঘরের ভেতরে থাকা সব আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়েছে। প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই।

চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলায় ব্যবহৃত লাকড়ি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।