চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

0

পাঁচ দিনের পূজা-অর্চনা, আনন্দ আর মিলনমেলা শেষে চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে প্রতিমা বিসর্জন। এর মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বুধবার (২১ অক্টোবর) বেলা ৩টা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে শুরু হয় প্রতিমা বিসর্জন। দেবী দুর্গাকে বিদায় জানাতে তেল-সিঁদুর পরিয়ে এবং পান-মিষ্টি মুখে দিয়ে সৈকতে ভিড় করেন হাজারো ভক্ত-অনুরাগী। নারী-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে বিসর্জনস্থল পরিণত হয় মিলনমেলায়।

বুধবার বিকেলে নগরীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হয় পতেঙ্গার বিসর্জনস্থলে। এ ছাড়া নগরীর অভয়মিত্র ঘাট, কালুরঘাট ও উত্তর কাট্টলীর রানী রাসমণি ঘাটসহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। নগরীর বাইরের বিভিন্ন এলাকায় বড় বড় দীঘিতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ বলেন, নগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে বুধবার বিকেলে প্রতিমা আনা হয় বিসর্জনস্থলে। এরপর শুরু হয় বিসর্জন কার্যক্রম। রাতেও প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।