পাঁচলাইশে একই পরিবারের ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

0

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ একই পরিবারের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে পাঁচলাইশ মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রথমে হিলভিউ আবাসিক এলাকার একটি বাসা থেকে পলাতক আসামি হারেজা বেগমকে (৪৩) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারেজা বেগম জানান, তার স্বামী আব্দুর রহিমসহ সহযোগীদের মাধ্যমে কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার স্বামীসহ আরও পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পরে হিলভিউ এলাকার জেসমিন হিলের একটি বাসা থেকে ৪ হাজার পিস ইয়াবা, তিনটি পরিবহন রসিদ, ৩২ হাজার টাকা এবং ১৫টি হটবক্স উদ্ধার করা হয়।

একই এলাকার সুফিয়া গার্ডেনের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া হারেজা বেগমের বাসা থেকে আরও ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৫০০ পিস।

সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।