রাউজানের উনসত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুন নাহারকে ৩৩ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ প্রান্তে দেওয়া হলো এক ‘রাজকীয়’ বিদায় সংবর্ধনা। প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর সম্মিলিত ভালোবাসা ও শ্রদ্ধায় আবেগঘন হয়ে ওঠে পুরো পরিবেশ।
রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে গাড়িতে করে ফুলেল শুভেচ্ছায় বরণ করে বিদ্যালয়ে নিয়ে আসেন। পরে মঞ্চে তাঁকে সংবর্ধনা দেওয়া হলে চারপাশে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সাবেক ও বর্তমান সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসী স্মৃতিচারণ করতে গিয়ে একাধিকবার অশ্রুসজল হয়ে পড়েন।
বক্তারা বলেন, জান্নাতুন নাহারের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁ সময়ানুবর্তিতা, নিয়ম-কানুনের প্রতি কঠোর অবস্থান এবং দায়িত্ববোধের কারণে বিদ্যালয়টিতে কখনোই শিথিলতা দেখা দেয়নি। সহকারী শিক্ষকরা তাঁর কাছ থেকে শৃঙ্খলা ও দক্ষতা শেখার সুযোগ পেয়েছেন। বক্তাদের ভাষায়, তিনি সময়ের অপব্যবহার করতেন না; ফলে কেউই দায়িত্ব এড়িয়ে যেতে পারত না।
জান্নাতুন নাহার ২০০৮ সালে প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগ দেন এবং ২০১০ সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি মালয়েশিয়া ভ্রমণের সুযোগ পান। তাঁর দায়িত্বকালেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নানা খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে। জেলা পর্যায়ে চারবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও বিভাগীয় পর্যায়ে দুইবার রানারআপ হওয়ার কৃতিত্বও তাদের।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, জান্নাতুন নাহারের মতো শৃঙ্খলাপরায়ণ প্রধান শিক্ষক যদি কারও অনুকরণে প্রমোশন পাওয়া কোনো শিক্ষক দায়িত্ব নেন, তবে তিনিও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবেন।
প্রিয় শিক্ষককে বিদায় জানাতে শেষ মুহূর্ত পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় ছিল প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর। এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার প্রতি এমন হৃদয়স্পর্শী সম্মান রাউজানে বিরল দৃষ্টান্ত হয়ে রইলো।



মন্তব্য নেওয়া বন্ধ।