চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য হিসেবে সাত জন ক্রীড়া সংগঠকের নাম অনুমোদন করেছে বিসিবি। গতকাল এই তালিকায় সই করেন বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম। বিসিবি আঞ্চলিক ক্রিকেট সংস্থা নীতিমালা ২০২২-এর ১৫.১ (ক) ধারা অনুযায়ী এই সদস্যদের মনোনীত করা হয়েছে।
মূলত চট্টগ্রামের ক্রিকেট উন্নয়ন ও প্রসারে দীর্ঘদিন ধরে অবদান রাখছেন-এমন ক্রীড়া সংগঠকদেরই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসিবি থেকে অনুমোদিত সাত সদস্য হলেন-মির্জা সালমান ইস্পাহানি, ফিরোজ আহমেদ, মোহাম্মদ নাসির খান, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, ফজলে রাব্বি খান এবং বদরুল হুদা জেনু।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আঞ্চলিক পর্যায়ে ক্রিকেটের কাঠামো আরো শক্তিশালী করতে এই অভিজ্ঞ সংগঠকদের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ও প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই তাদের এই অন্তর্ভুক্তি।


