চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২ অক্টোবর) আন্দোলনের একাদশ দিনে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে স্বাধীনতা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবির বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় ফিরবেন না বলেও তারা জানিয়েছেন।
এর আগে উপাচার্য পুনর্বহালের দাবিতে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন ও চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু হয়।
এদিকে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ২৪ সেপ্টেম্বর অনলাইনে দায়িত্ব গ্রহণ করলেও শুক্রবার পর্যন্ত তিনি চুয়েট ক্যাম্পাসে যাননি।


