বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারার চুক্তি হচ্ছে না। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তিনি জানান, ডিপি ওয়ার্ল্ড আলোচনার জন্য সরকারের কাছে কিছুটা সময় চেয়েছিল। কিন্তু বর্তমান সরকারের হাতে সময় আছে মাত্র দুই কার্যদিবস। তাই এই অল্প সময়ের মধ্যে চুক্তিটি করা সম্ভব হচ্ছে না।
চলতি সপ্তাহেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার জন্য চুক্তির জন্য আলোচনা চলছিল।
আশিক চৌধুরী জানান, ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের চূড়ান্ত আলোচনার কাজ এখনও চলছে। এটি শেষ করতে আরও সময়ের প্রয়োজন।
এদিকে, এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। রোববার সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জেটি, টার্মিনাল ও প্রশাসনিক ভবনসহ বন্দরের কোথাও পণ্য খালাস বা পরিচালনার কাজ চলছে না। এর ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দর বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিভিন্ন প্রবেশপথে সতর্ক অবস্থানে রয়েছে এবং বন্দরের ভেতরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বন্দর কর্তৃপক্ষ শ্রমিক ও কর্মচারীদের জরুরি সভায় ডাকলেও আন্দোলনকারীরা তাতে অংশ নেননি। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। এনসিটি ইজারা বাতিল ছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে বন্দর চেয়ারম্যানের অপসারণ এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে থাকা মামলা ও হয়রানি বন্ধ করা।



মন্তব্য নেওয়া বন্ধ।