চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৯৪৭ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ৩৯৪ সদস্য

0

সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৬৮ জন সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেঞ্জের ১১ জেলায় পরিচালিত অভিযানে চট্টগ্রাম থেকে নিষিদ্ধ সংগঠনের ৪৮ জন, কুমিল্লায় ৪০, ফেনীতে ১৭, নোয়াখালীতে ১৫, চাঁদপুরে ১৪, লক্ষ্মীপুরে ১২, কক্সবাজারে ৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, রাঙামাটি ও খাগড়াছড়িতে চারজন করে গ্রেপ্তার হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ১৯৪ জন, বিভিন্ন আইনে ৭৪ জন, পরোয়ানামূলে ১০০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসংক্রান্ত মামলায় ৬২ জনসহ বিভিন্ন মামলায় মোট ১১৮ জন মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৩৩ হাজার ৩১ পিস ইয়াবা, ৮ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১৮৫ লিটার চোলাই মদ, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড এবং ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় মাদকদ্রব্যসংক্রান্ত ৩৯টি মামলা করা হয়েছে।

এদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৯৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২৩০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চট্টগ্রামে ৪৩, কক্সবাজারে ১৭, কুমিল্লায় ২১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২১, নোয়াখালীতে ১৮, ফেনীতে আট, লক্ষ্মীপুরে ৩৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে আট ও বান্দরবানে ছয়জন রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।