চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকার সড়ক ও অলিগলি পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরের প্রধান সড়কের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অলিগলিও সংস্কার করা হবে ।
শনিবার (২১ নভেম্বর) নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থায়নে পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
চসিক প্রশাসক বলেন, বর্ষাকাল শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ শীত ও বসন্ত মৌসুমজুড়ে নগরের বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজ চলবে। প্রতিটি ওয়ার্ডের অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। উন্নয়ন কার্যক্রমে কোনো এলাকাকে পিছিয়ে রাখা হবে না।
প্রশাসক আরও বলেন, গত দুই বছরে নগরে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নকাজ চলমান রয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতিমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, নগরের অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এসব সড়ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। শুধু প্রধান সড়ক নয়, প্রতিটি ওয়ার্ডের অলিগলিতেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে সিটি করপোরেশন কাজ করছে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
নগরের পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।


