দায়িত্ব নিলেন সিএমপি কমিশনার শওকত আলী

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় সিএমপির সদর দপ্তরে তিনি কাজে যোগ দেন। এর আগে, ৩১ মার্চ সন্ধ্যায় তিনি চট্টগ্রামে পৌঁছান।

এর আগে, গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সিএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন। দায়িত্ব গ্রহণের সময় তিনি সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।

পরে লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় তিনি কর্মকর্তাদের ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

রাঙামাটিতে বেড়ে ওঠা শওকত আলী সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জুলফিকার আলী সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। শিক্ষাজীবনে তিনি রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন, পরে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করা এই কর্মকর্তা কর্মজীবনে সিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে দায়িত্ব পালন করেন। সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে কর্মরত ছিলেন।

সততা ও দক্ষতার জন্য পরিচিত এই কর্মকর্তা দায়িত্ব গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য নেওয়া বন্ধ।