চট্টগ্রামের মুরাদপুরে বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারির অস্বাস্থ্যকর পরিবেশে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য কর্মকর্তারা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। স্যাঁতসেঁতে ও নোংরা রান্নাঘর, ভাঙা টাইলস এবং নষ্ট ফ্রিজের মধ্যে তেলাপোকা-ছারপোকার ছুটোছুটি দেখা গেছে। রান্নাঘরে বিড়ালের উপস্থিতিও ধরা পড়ে।
রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামও উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, “বারকোড সুইটস অস্বাস্থ্যকর অবস্থায় খাবার সংরক্ষণ ও প্রস্তুত করছিল। এ ধরনের পরিবেশ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
একই অভিযানে পাঁচলাইশ এলাকার ‘মিঠাই’ আউটলেটেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রয়, অসম্পূর্ণ লেবেলিংসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।