কক্সবাজারে জমি বিরোধে যুবক খুন

0

কক্সবাজার সদরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোবিনুল হক (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তর পরানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোবিনুল হক উপজেলার মাইজপাড়া এলাকার মৃত নবী উল্লাহ ও মৃত দিলোয়ারার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবিনুল হকের সঙ্গে তার প্রতিবেশী আবু সৈয়দের ছেলে মো. আলমগীরের (২৮) দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসায় সোমবার সন্ধ্যায় স্থানীয়দের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রাত হয়ে যাওয়ায় বৈঠকটি অসমাপ্ত রেখে পরদিন পুনরায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, বৈঠক শেষে আলমগীর এলাকায় হুমকি-ধমকি দিতে থাকেন। পরে রাত সাড়ে ৯টার দিকে মোবিনুল হক বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে বাংলাবাজার-খুরুশকুল সড়কের ফরিদের দোকানের উত্তর পাশে আগে থেকে ওত পেতে থাকা আলমগীর ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর প্রধান আসামি আলমগীরসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে অভিযুক্তদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।