চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে বাণিজ্যিক ভবনে বসবাসকারী মানুষের মধ্যে জনসচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বুধবার (৩ জুন) সকাল ১০টায় সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের নির্দেশে রিয়াজুদ্দিন বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ.এফ.এম. শামীম এবং সিডিএর অথরাইজড অফিসার তানজিব হোসেনের নেতৃত্বে এ মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় মাইকিং করে সকলের উদ্দেশ্যে জানানো হয়, সম্প্রতি অগ্নিকান্ডের ঘটনায় রিয়াজুদ্দিন বাজার, তামাকুন্ডি লেইন এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান বাণিজ্যিক ভবনের উপরের তলায় অবৈধভাবে মানুষ বসবাস করছেন যা সিডিএ ও জেলা প্রশাসন অবগত হয়েছেন। ফলে আগুন কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতির আশংকা বৃদ্ধি পাচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে বাণিজ্যিক ভবনের উপরের তলায় অবৈধভাবে বসবাস হতে বিরত থাকতে ভবন মালিক ও ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। অন্যথায় সিডিএ ও জেলা প্রশাসন যৌথভাবে আইনানুগ ব্যবস্থা নিবে।
এছাড়াও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নি নিরাপত্তা নির্দেশিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিডিএর সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ওসমান ও হামিদুল হক, উচ্চমান সহকারী সেলিম উদ্দিন, ভবন পরিদর্শক মো. তোফায়েল হোসেন, এ এস এম মিজান, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, শাহাদাত হোছাইন, বিমান বড়ুয়া, অফিস সহকারী শহিদুল ইসলাম, অফিস সহায়ক মো: আবুল বশর, মিজানুর রহমান, মো: এজাহার মিয়া, নিজাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সিডিএ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং তামাকুন্ডি লেইন বণিক সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে তামাকুমণ্ডি লেনের ১১০টি মার্কেট ইমারত নির্মাণ বিধিমালা না মেনে করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা সিডিএ গঠিত কমিটিও তদন্ত করছে।



মন্তব্য নেওয়া বন্ধ।