দেশের সব গলি মাড়িয়েও কর্মসংস্থান না হওয়ায় একটা সময় পরিবার চালানোর চাপ নিয়ে প্রবাসে পাড়ি দেন অসংখ্য মানুষ। সুখের স্বপ্নে এসব মানুষ ছেড়ে যান স্বজন-স্বদেশ। অপরিচিত শহরের এই যাত্রা বেশিরভাগ মানুষের জন্যই কন্টকাকীর্ণ। কখনও স্বজাতি কখনও ভিনদেশির রোষানলে পড়ে জীবন হয়ে পড়ে আরও অসহায় আরও করুণ। পদে পদে ভোগান্তি আর সংগ্রামে মোড়ানো প্রবাস জীবন বড়ই বৈচিত্রময়, বড়ই অদ্ভুদ।
প্রতি বছর অসংখ্য মানুষ প্রবাসে গিয়ে নানামুখী সমস্যার সম্মুখীন হন। কেউ বিশ্বাস করেন ‘কথায়’, কেউ পড়েন বিলাসী জীবনের মোহে, আবার কেউবা খরচ কমাতে কিংবা ‘অজ্ঞতা’র কারণে শিকার হন প্রতারণার। যার কারণে অনেক সম্ভাবনার পরেও ফিরে আসেন দেশে কিংবা যন্ত্রণা বয়ে কাটান ‘লুকোচুরির জীবন’।
প্রবাসে গিয়ে ভোগান্তি কিংবা প্রতারিত হওয়াদের মধ্যে যেমন পুরুষ রয়েছেন তেমন কম নয় নারীর সংখ্যাও। প্রবাস সংশ্লিষ্ট এবং বিশেষজ্ঞদের মতে, এই পথ চলতে আরও যত্নশীল-সচেতন হলে কমতে পারে এসব সমস্যা। আবার প্রবাস নিয়ে পর্যাপ্ত জ্ঞান ও পরিকল্পনা থাকলে উন্নত ও সমৃদ্ধ ক্যারিয়ার গড়াও সম্ভব বলেও মতামত তাদের।

দালালের খপ্পরে প্রবাসে নারীদের বিভীষিকাময় জীবন
চট্টগ্রামের সাতকানিয়ার মেহেরুন্নেসা (ছদ্মনাম)—বয়স সবে পৌঁছেছেন ৩৫ এর ঘরে। ১৮ বছর বয়সে হয় বিয়ে। সংসারে আসে ২ সন্তান। সব ঠিকঠাক চললেও মাদকাসক্ত স্বামীর সংসার বেশিদিন করার সৌভাগ্য হয়নি মেহেরুনের। বিয়ের প্রায় ৬-৭ বছর হয়ে গেলেও স্বামীর চাওয়া যেন পূরণ হয় না। নিত্যদিন বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দিতো স্বামী। টাকা না আনলে চালানো হতো অমানবিক নির্যাতন। একটা সময় গিয়ে নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ হয় যে মেহেরুন বাধ্য হয়ে চলে আসেন বাবার বাড়ি, হয়ে যায় বিচ্ছেদ। সন্তানরাও বড় হচ্ছিলো, খরচও বাড়ছিলো। মেহেরুন আর বিয়ে করবেন না বলে পণ করেন। আর তাই সন্তানদের ভবিষ্যতের জন্য ছুটে আসেন চট্টগ্রাম শহরে।
চট্টগ্রাম শহরে এসে বিভিন্ন বাসায় রান্নার কাজ করে ভালোই চলছিলো মেহেরুনের। কাজের মাধ্যমে একটা সময় রাবেয়া নামে অপর মহিলার সাথে পরিচয় হয় মেহেরুনের। রাবেয়ার স্বামী বিভিন্ন দেশে নারী গৃহকর্মী পাঠানোর কাজ করতেন। আর সেই রাবেয়ার কথার মোহে পড়ে যান মেহেরুন। বাড়তি আয়ের আশায় সিদ্ধান্ত নেন চলে যাবেন সংযুক্ত আরব আমিরাতে। তবে সেদেশে গিয়ে যে পরিস্থিতিতে পড়তে হয়েছে তা কোনদিন কল্পনাই করেননি মেহেরুন। এ যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারা!
কথা ছিলো সর্বমোট ২ লক্ষ টাকা দিলে রাবেয়ার স্বামী সব কিছু করে দিবেন। সহজ-সরল মেহেরুন রাবেয়ার কথায় বিশ্বাস করেন, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে রাজি হন প্রবাস যেতে। কথা ছিলো মেহেরুনকে রান্নার কাজ করতে হবে। প্রতিদিন ৫-৬ জনের রান্না এবং ২টা ছোট বাচ্চার খেয়াল রাখাই হবে মেহেরুনের কাজ। এসব কাজে মেহেরুন অভ্যস্ত হওয়ায় আর না করেননি, সহজেই রাজি হয়ে যান।
দেনমোহর বাবদ পাওয়া টাকা থেকে ১ লক্ষ এবং নিজের জমানো টাকা মিলিয়ে প্রথমে দেড় লক্ষ টাকা দেন মেহেরুন। তার পর বাকি টাকা গিয়ে দেওয়ার কথা থাকলেও মানেনি রাবেয়ার স্বামী। বিভিন্ন সমস্যা দেখিয়ে চাপ দেয় বাকি টাকার জন্য অবশেষে ব্যাংক থেকে কিস্তিতে টাকা নিয়ে দিতে হয় মেহেরুনকে। দুবাই পৌঁছানোর পর মেহেরুন যে পরিস্থিতির সম্মুখীন হন তা হয়তো জীবনেও ভাবেননি তিনি।
মেহেরুন বলেন, আমি যখন সেখানে যাই ৩ দিন একটা ঘরে থাকতে দেয়। তারপর কিছুদিন পর অনেক দূরে একটা জায়গায় পাঠিয়ে দেয়। ওই জায়গা রিসোর্টের মতো। তবে আশেপাশে তেমন মানুষজন নেই। আমাকে যাওয়ার আগে বলা হয় কয়েক জনের রান্না এবং ২টা ছেলেকে দেখাশুনা করতে হবে। ওখানে গিয়ে দেখি ওই ছেলেরা সবাই বড় বড়। আমি যেখানে থাকতাম ওইটা ছিলো তাদের বাগান বাড়ি। প্রতি সাপ্তাহে ১-২ বার মালিকের ছেলেরা সেখানে যেতো। তারা একা আসতো না। একসাথে ১০-১৫ জন আসতো। আর এই সব মানুষের জন্য রান্না বান্না করা লাগতো আমার। ওরা হুট করেই চলে আসতো। আর ওই দেশি বিভিন্ন খাবার রান্না করতে হতো। রান্না বান্না আমি যতটুকু পারতাম করতাম। অনেক কষ্ট হলেও মানিয়ে নিতাম। কিন্তু তারা সরারাত মদ আর মেয়ে নিয়ে পড়ে থাকতো। ওরা যখন যেতো ২-৩ দিন ঘুমাতে পারতাম না। পুরা রাত মালিকের ছেলে এবং তার বন্ধুরা বিভিন্ন জিনিস চাইতো। ওরা অপরিষ্কার করে রাখলে তা কিছুক্ষণ পর পর পরিষ্কার করতে হতো। আর না পারলে আমার গায়ে এক সাথে ২-৩ জন মিলে হাত তুলতো।
তিনি বলেন, শুধু যে মারধর করতো তা নয়। আমার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে খারাপ কিছু করতে চাইতো। এরকম দুইবার ঘটলে আমি মালিককে বলি। পরে মালিকের স্ত্রী আমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। বলে তার ছেলেরা যা বলে তাই করতে। একদিন ওরা প্রায় ২২ জন আসে। খাবার প্রস্তুত করতে করতে প্রায় ১২টা বেজে যায়। আমি ক্লান্ত হয়ে শুয়ে ছিলাম। ওরা খাওয়ার পর মদ দেওয়ার জন্য আমাকে ডাকতে থাকে। আমি না শুনায় উঠতে পারিনি। তখন মালিকের ছেলে এসে আমাকে এলাপাথাড়ি মরধর করতে থাকে। আমার শরীরের বিভিন্নস্থানে কামড় দিতে থাকে…।
প্রবাস জীবনের দুর্বিষহ স্মৃতির বর্ণনা দিয়ে মেহেরুন বলেন, অনেক চেয়েছিলাম কিছুদিন থেকে অন্তত ভিসার খরচটা তুলি। সেজন্য অনেকদিন মুখ বুজে সহ্য করেছিলাম। কিন্তু সেদিন আর পারিনি। রাতে বাসার একপাশে লুকিয়ে থাকি আমি পরে ভোর হলে সেখান থেকে পালিয়ে পুলিশের কাছে গিয়ে বিষয়টা জানাই। বাংলাদেশে ফোন করে রাবেয়ার স্বামীর সাথেও যোগাযোগ করতে চাই। কিন্তু তার নম্বর বন্ধ ছিলো। পরে পুলিশ আমাকে দেশে পাঠিয়ে দেয়।
তিনি বলেন, যে পরিস্থিতি আমি পার করেছি তা আমি বলে বুঝাতে পারবো না। শুনেছিলাম বিদেশ গিয়ে অনেকে অনেক কিছু করে। আমিও ভেবেছিলাম সন্তানদের জন্য ভালো কিছু করবো। আসলে আমার ভুল ছিলো দালালের মাধ্যমে যাওয়া। অনেকে আছে যারা বাসার কাজে গিয়ে ভালো বেতন পায়। কিন্তু আমার কপালে দুর্ভাগ্য লিখা ছিলো।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কামরুন নাহার (ছদ্মনাম) ২০২২ সালের শেষের দিকে পাড়ি জমিয়েছিলেন কাতারে। দেশটিতে বাসায় কাজ করার জন্যই তাকে নিয়ে যাওয়া হয়। কামরুন নাহারকে বলা হয় ভিসার সব খরচ মালিক বহন করবেন। এমনটা শুনে বেশ আগ্রহী হয়ে রাজি হয়ে যান তিনি। পাসপোর্ট করার পর কামরুন নাহারকে বলা হয় সব কিছু প্রস্তুত তবে সেদেশে যেতে বিমান ভাড়া বাবদ অন্তত ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। প্রথমদিকে কামরুন নাহার সে টাকা দিতে সম্মতি না জানালেও পরে রাজি হন। ডিসেম্বরে পাড়ি দেন কাতারে। যে ব্যক্তি ভিসা দিয়েছিলেন তার কথা মতো কাজ ঠিকঠাক ছিলো। কামরুন নাহারও আগ্রহ নিয়ে কাজ করছিলেন। কিন্তু বিপত্তি বাধে যখন মাস পুরায়। বেতন চাইলে মালিক বলে, প্রথম ৬ মাস কোন বেতন দেওয়া হবে না। এই সময়ের অর্থ ভিসার খরচ বাবদ কেটে রাখা হবে।
কামরুন নাহার বলেন, যখন মালিক এই কথা বলেন আমি আমার পরিচিত ওই ব্যক্তির সাথে কথা বলি। সে বলে, তার কিছুই করার নেই। মালিক যেটা বলে শুনতে হবে। আমি একথা শুনে একেবারেই ভেঙে পড়ি। এদিকে বাসায় বলেছিলাম—‘মাস শেষ হলে টাকা পাঠাবো’। তখন আমি ওখান থেকে চলে আসতে চাইলে আমাকে একটি ঘরে আটকে রাখা হয়। সেখানে আমাকে কোনদিন একবেলা কোনদিন দুইবেলা খাবার দিতো। কিন্তু কখনও বের হতে দিতো না। এভাবে ১৫ দিন আটকে রাখার পর পরে আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।
এরকম গল্প শুধু মেহেরুন, কামরুন নাহারের একার নয়। সংযুক্ত আরব আমিরাত, কাতার কিংবা সৌদি আরবে নারী কর্মীরা প্রতিনিয়ত এসব সমস্যায় পড়ছেন। ভুক্তভোগী আরও ৫ নারীর সাথে কথা বলে জানা যায়, মূলত দালাল চক্রের বিভিন্ন প্রলোভনে আকৃষ্ট হয়ে নারীরা প্রবাসে গিয়ে এসব সমস্যায় পড়ছেন। কিছু কিছু প্রতারক আছে ওই দেশের মানুষদের সাথে মিলে একজনের জায়গায় ১০ জনের ভিসা বের করেন। পরে সে ভিসা বিক্রি করে ব্যবসা করেন। একজন নারীকে প্রবাসে যাওয়ার পর থেকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেন; যাতে সে বাধ্য হয়ে দেশে ফিরে যায় এবং তখন ওই চক্র নতুন করে ভিসা নিয়ে ব্যবসা করে। তবে মধ্যপ্রাচ্যের এসব দেশে গিয়ে অনেক নারীর কর্মসংস্থানও হয়েছে। তাদেরও বেশিরভাগ মানুষ প্রবাস জীবনের প্রথম দিকে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানিয়েছেন বিদেশে অবস্থানরত কয়েকজন নারী।
এসব বিষয়ে কথা হয় সংয়ুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী সাংবাদিক এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সভাপতি শিবলি আল সাদিকের সাথে। তিনি বলেন, আরব আমিরাতে অনেক নারীর ভাগ্য বদল হয় আবার অনেকে ভোগান্তিতে পড়েন। তবে অনেক নারীই লোকলজ্জায় নিজেদের অভিযোগ জানান না, সামাজিক ভয়ে চুপ থাকেন। ভুক্তভোগী যারা থাকেন অধিকাংশই আসছেন দালালদের হাত ধরেই। এদেশে দোকান, বিউটি পার্লার, সেলুন, নার্সিংয়ের কাজের প্রলোভন দেখানো হয় তাদের। ভালো অঙ্কের বেতন, বিলাসী জীবনযাপনের গল্প শোনানো হয়। অনেক নারী আছে যারা ফেঁসে যান প্রেমের জালেও। এদের বেশিভাগ ভিজিট ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেন। অনেকে অবৈধ পন্থা অবলম্বনের কারণে কাউকে কোন কিছু জানাতে ভয় পান। আবার অনেকে দালালের মাধ্যমে এসে বিড়ম্বনার শিকার হোন। ভিসা যাচাই না করার কারণে এক ভিসার কথা বলে অন্য কাজে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে নারীরা নির্মমতারও শিকার হোন।
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তার বরাত দিয়ে তিনি জানান, বৈধ পথে কর্মসংস্থান ভিসায় আসতে চাওয়া নারীদের বিষয়ে যাচাই বাছাইয়ের সুযোগ থাকে। তারা যাচাই বাছাই করেন। কোনো গরমিল পাওয়া গেলে ভিসা আটকে দেয়ারও সুযোগ আছে। কিন্তু যারা ভিজিট ভিসায় দেশ পার হচ্ছেন তাদের আটকানোর তেমন সুযোগ নেই। আরও গুরুতর অভিযোগ হচ্ছে- দেশিয় কোন কোন নারী ভারতীয় পাসপোর্ট নিয়ে ভিজিট ভিসা করে দেশটিতে পা রাখছেন। তাদের ব্যাপারে মিশনের কিছুই করার থাকে না।

ইউরোপে ‘কেয়ার ওয়ার্ক’, মধ্যপ্রচ্যে ‘ফ্রি ভিসা’—বাঙালিকে লুটছে বাঙালিরাই
ইউরোপের দেশগুলো যেন অনেক বাঙালির জন্য স্বপ্নের গন্তব্য। প্রতিবছর অসংখ্য তরুণ এ পথে যাত্রা করেন। যদিও সফলতার চেয়ে ব্যর্থতার হার বেশি এ পথে। আবার কেউ কেউ বৈধ উপায়েও ইউরোপ যাওয়ার চেষ্টা চালান। মানুষের অতিমাত্রার আগ্রহ এক শ্রেণির চক্রের জন্য সুযোগ তৈরি করে দেয়। যারা বিভিন্ন উপায়ে প্রতিবছর অসংখ্য মানুষকে নিঃস্ব করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। শুধু ইউরোপ নয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ওত পেতে আছে এসব চক্র। যারা সুযোগ পেলেই গায়েল করছে, হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
বিগত কয়েক মাস ধরে যুক্তরাজ্যের ‘কেয়ার ওয়ার্ক’ ভিসার মাধ্যমে ইউরোপ যাওয়ার প্রবণতা বেড়েছে বাঙালিদের। এ ভিসায় গিয়ে একজন ব্যক্তি ওই দেশের কোন বয়স্ক ব্যক্তির দেখাশুনা করা বা বাচ্চাদের লালন পালনের কাজ করে থাকেন। এই ভিসায় যুক্তরাজ্যে গিয়ে ভালো আয়ের সুযোগ থাকলেও কিছু ‘সংঘবদ্ধ চক্র’ প্রতিনিয়ত প্রতারণা করে আসছে। মানুষও সহজে ভিসা কিংবা কাজ পাওয়ার লোভে পা দিচ্ছেন সেসব ফাঁদে। যার ফলে কেয়ার ভিসায় যুক্তরাজ্যে গিয়ে পড়তে হচ্ছে বাড়তি বিড়ম্বনায়। হয়তো মিলছে না কাজ, নয়তো ফের ফিরতে হচ্ছে দেশে। বিশেষ করে বাংলাদেশের সিলেটের মানুষ এই সমস্যায় বেশি পড়েন। যা নিয়ে চট্টগ্রামসহ সারাদেশের মানুষেরও সতর্ক থাকা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেয়ার ভিসায় যুক্তরাজ্যে গিয়ে সমস্যায় পড়েছেন বা আবার দেশে ফিরে আসতে হয়েছে এমন একাধিক জনের সঙ্গে কথা বলে জানা গেছে এসব চক্রের কাজ সম্পর্কে। তারা বলেন, কেয়ার ভিসায় যুক্তরাজ্যে যেতে হলে একজন ব্যক্তিকে ওই পেশায় দক্ষ হতে হয়, সেদেশের ভাষা জানতে হয়। তা না হলে কাজ জুটে না। তবে বাংলাদেশি একটি চক্র আছে যারা টাকার বিনিময়ে ‘ভুয়া দক্ষতা’ দেখিয়ে শত শত যুবককে এই ভিসার মাধ্যমে যুক্তরাজ্যে নিয়ে যান। আর এর জন্য ১০-১৫ লাখ বা তার বেশি টাকাও নিয়ে থাকেন। কিন্তু একজন ব্যক্তি যখন সেদেশে যায় তখন যোগ্যতার প্রমাণ দিতে না পেরে আর কাজ পান না। তখন তাকে ঘুরতে হয় দ্বারে দ্বারে; শিকার হতে হয় নানান রকম দুর্ভোগের। একটা সময় কেউ অন্য কাজে চলে যান আবার কেউ বাধ্য হয়ে ফিরে আসেন দেশে।
মোকসেদ রহমান নামে এক ভুক্তভোগী বলেন, এই চক্র এতটাই ভয়াবহ যে তারা বিষয়টি নিয়ে ব্যবসা করছে। কেয়ার ভিসার নাম করে একজনের কাছ থেকে ১৫-২০ লাখ বা তার বেশিও নিয়ে থাকে। তারা নিজেরাই বিভিন্ন কোম্পানি খুলে লোক নিয়ে আসে। আবার ভিসাও বিক্রি করে প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি। কাঙিক্ষত দেশে যাওয়ার পর বিভিন্ন প্রশিক্ষণের কথা বলে করা হয় সময় ক্ষেপণ। কিছু প্রতিষ্ঠান আছে যারা এসব প্রশিক্ষণের জন্যও অর্থ হাতিয়ে নেন। বিভিন্নভাবে ডকুমেন্টে সই করিয়ে আইনি সহায়তা পাওয়া থেকেও ভুক্তভোগীদের বঞ্চিত করেন।
সোহরাব হোসেন নামে আরেকজন বলেন, আমি একটা প্রতিষ্ঠানের হয়ে যুক্তরাজ্যে গিয়েছিলাম। আসলে ওই প্রতিষ্ঠান প্রতারণা করার উদ্যেশ্যেই প্রতিষ্ঠিত হয়। সরকার যখন কোম্পানিটি সম্পর্কে অবগত হয় তখন তাদের লাইসেন্স বাতিল করে। কোম্পানির লাইসেন্স বাতিলের সাথে সাথে ওই প্রতিষ্ঠানের হয়ে আসা সবার ভিসা বাতিল হয়ে যায়। সেদেশের নিয়মানুযায়ী ৬০ দিন সময় থাকে অন্য কোম্পানিতে জয়েন করার বা অন্য ভিসার আবেদন করার। কিন্তু অমরা বিষয়টি না জানার কারণে ওই ৬০ দিনের সময় পার হয়ে যায়। তখন আমাদের দেশে পাঠিয়ে দেয়।
সংশ্লিষ্টরা বলছেন, এভাবে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়ে এসব প্রতারক চক্র অন্য দেশে বিনিয়োগ করেন। ইউরোপজুড়ে এমন এক শ্রেণির মানুষ প্রতিনিয়ত মানুষকে ধোঁকায় ফেলছে। যারা প্রতিষ্ঠান তৈরি করছে আবার প্রয়োজন ফুরালে বন্ধ করছে। যার ফলে শত শত বাঙালি লাখ লাখ টাকা খরচ করে ফের খালি হাতে দেশে ফিরছেন।
এসব থেকে বাঁচতে সহজে বা কোন অনিয়মের মাধ্যরে যুক্তরাজ্যে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলেন, যদি কেউ এই ভিসায় ইউরোপ যেতে চায় তবে তাকে প্রথমে ভাষাগত দক্ষতা অর্জনের জন্য আইএলটিএস করতে হবে। তারপর এসব কাজের বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সবচেয়ে বড় যে বিষয়টি তা হলো যে কোম্পানির হয়ে যাচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেই সে পথে আগাতে হবে। আর আইনি সহায়তা পেতে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ডকুমেন্টে সই করা থেকে সকলকে বিরত থাকা উচিত।
এদিকে কেয়ার ওয়ার্ক ভিসায় যে শুধু এরকম প্রতারণা হচ্ছে তা নয়। অনেককে প্রলোভন দেখানো হয় এই ভিসায় একবার যুক্তরাজ্যে যেতে পারলে সেখান থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। এসব প্রলোভনের মাধ্যম দফায় দফায় হাতিয়ে নেওয়া হয় অর্থ। আর কাজ পাওয়াদের মধ্যেও অনেকে ভোগান্তির শিকার হতে হয়। ভিসা দেওয়ার সময় বলা হয় বয়স্ক ব্যক্তির হালকা দেখাশুনা কিন্তু বাস্তবে সেদেশে গিয়ে অনেককে পড়তে হয় অপ্রীতিকর পরিস্থিতিতে।
সিলেটের অধিবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক ইসলাম জানান, তার ভাইও কেয়ার ভিসায় যুক্তরাজ্যে গিয়ে ভোগান্তিতে পড়েন। চলতি বছরের শুরুর দিকে কেয়ার ওয়ার্ক ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। সবকিছু ঠিকঠাকই ছিলো, কাজও দেওয়া হয়। বলা হয় একজন বয়স্ক ব্যক্তিকে খাওয়া দাওয়া ও সঙ্গ দিতে হবে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় অন্যরকম চিত্র ওই বয়স্ক ব্যক্তি বিছানা থেকেই উঠতে পারেন না। তার খাওয়া থেকে সবকিছুই বিছানায়। প্রথমদিন গিয়েই তাকে বলা হয় মলমূত্রে অপরিচ্ছন্ন বিছানা পরিষ্কার করতে। অনিকের ভাই অসম্মতি জানালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর কিছুদিন জেলে রাখার পর দেশে পাঠিয়ে দেওয়া হয়।
অনিক বলেন, ভাইয়া যেতে ১৫ লাখ টাকার ওপরে খরচ হয়ে যায়। যাদের মাধ্যমে গিয়েছে তারা এত কিছু বলেও নি। বাবার সঞ্চয় এবং জমি বন্ধক রাখা টাকা দিয়ে ভাইয়াকে যুক্তরাজ্যে পাঠানো হয়েছিলো। দীর্ঘদিন ধরে বাবাও অসুস্থ, ভাইয়াও খালি হাতে ফিরে এসেছেন। এখন যেমন অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়েছে তেমনি সবাই মানসিকভাবেও ভেঙে পড়েছে।
ইউরোপে যেমন কেয়ার ভিসায় গিয়ে অনেকে কাজের অভাবে মানবেতর জীবন যাপন করছেন বা দেশে ফিরে আসছেন মধ্যপ্রাচ্যেও এমন ভোগান্তিতে পড়ছেন ‘ফ্রি ভিসা’র নাম করে বিদেশে পাড়ি দেওয়া প্রবাসীরা। কেয়ার ভিসায় সতর্কতা অবলম্বন করে অনেকে সফল্য লাভ করলেও মধ্যপ্রাচ্যের ‘ফ্রি ভিসা’ যেন বলে কয়ে কষ্ট ডেকে আনা!
মো. ইউসুফ, বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আর পড়াশোনা করা হয়নি। কয়েক বছর দেশে চাকুরি এবং ব্যবসা করার চেষ্টা করেও সফল হয়নি। অবশেষে ভালো আয়ের আশায় পাড়ি জমানোর চিন্তা করেন সৌদি আরব। সব ঠিকঠাক হলেও করোনার কবলে পড়ে সেবার যাওয়া হয়নি ইউসুফের। এরপর প্রায় বছর খানেক বাড়িতে থাকার পর ফের প্রবাসের পথে পাড়ি জমান তিনি।
ইউসুফের ভিসা ছিলো ‘ফ্রি ভিসা’। তার মতে সেদেশে গিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবে বলে জানায় দালাল। তবে সেদেশে গিয়ে সব যেন অন্যরকম হয়ে যায়। ভাগ্য ফেরানোর উদ্দেশ্যে প্রবাসে গিয়ে যেন আরেক বিপদ। সৌদি সরকারের নতুন নিয়মের কারণে বাইরে কাজ করতে পড়তে হয় বেশ ভোগান্তিতে। মালিকের কোন কাজ না থাকায় এ দ্বার ও দ্বার ঘুরেও কোন কাজ জুটেনি ইউসুফের। সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে প্রবাসে গিয়ে ফের টাকা নিতে হয় বাড়ি থেকে। আবার মালিক ইকামা লাগিয়ে না দেওয়ায় পড়তে হয় বাড়তি ঝামেলায়। প্রবাস জীবনের দেড় বছর পার হয়ে গেলেও ইউসুফ এখনও স্থিতিশীল হতে পারেননি। প্রতিনিয়ত কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন এক শহর থেকে অন্য শহরে।
জানতে চাইলে ইউসুফ বলেন, ‘ফ্রি ভিসা’ নামে যে ভিসা দেওয়া হয় সেটার দাম কিছুটা কম হলেও এ ভিসায় প্রবাসে এসে ভোগান্তি ছাড়া কিছুই না। একটা সময় এ ভিসায় এসে অনেক কাজ করা যেতো সেটা ঠিক কিন্তু এখন ভোগান্তি বেশি।
তিনি বলেন, বাংলাদেশের মতো সৌদিতেও এখন এত বেশি দালাল বেড়েছে যে এরা ভিসার ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। একটা মালিকের যতটা ভিসা প্রয়োজন কৌশলে তার অতিরিক্ত ভিসা বের করে ফ্রি ভিসা বলে লাখ লাখ টাকায় বিক্রি করা হয়। আবার এমনও চক্র আছে যারা নামে বেনামে কোম্পানি খুলে বসে। অথচ একটা সময় পর সেই কোম্পানির কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এরা মূলত ‘ভিসা ব্যবসায়ী’। একটা কোম্পানি খুলে ১০-২০টা ভিসা বের করে। তারপর সেগুলো দিয়ে ব্যবসা করে কোম্পানিসহ লাপাত্তা হয়ে যায়।
ইউসুফ বলেন, প্রথম যখন এসেছিলাম এর কয়েক মাস পর ইকামা করতে হয় নিজের টাকায়। এদেশে এখন এত মানুষ, ফ্রি ভিসায় কাজ নেই বললেই চলে। কারণ যে মালিকের লোক দরকার সে ভিসা দিয়ে লোক নিয়ে আসছে। এখনও কাজের জন্য একবার এক শহরে আরেকবার আরেক শহরে ঘুরতে হয়। অনেকে আছে এসব সহ্য করতে না পেরে দেশে ফিরে যায়। আমি পরিবারের কথা ভেবে শক্ত হয়ে সহ্য করেছি। এখনও বুঝতেছি না কবে স্থিতিশীল হবো।
মনিরুল ইসলাম নামে চট্টগ্রামের ফটিকছড়ির আরেক সৌদি প্রবাসী বলেন, ফ্রি ভিসায় এসে এদেশে শান্তি নেই। অনেক সময় দেখা যায় কাজ করার পর মালিক টাকা দিচ্ছে না। আমি একটা হোটেলে অনেক দিন কাজ করেছিলাম ৩ মাস পর আমাকে বেতন দেওয়া হয় ২০ হাজার। অথচ কথা ছিলো প্রতি মাসে দেওয়া হবে ২২ হাজার করে। এসব নিয়ে যখন আমি কথা বলি আমাকে কয়েকজন আফ্রিকান লোক দ্বারা মারধর করা হয়। দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি ধমকি দেয়। পরে আমাকে বাধ্য হয়ে সে কাজ ছাড়তে হয়।
ফ্রি ভিসার আরেকটি বড় সমস্যা হলো ইকামা। নির্দিষ্ট মালিকের অধীনে কাজ করতে হয় না বিধায় ইকামা করতে বাড়তি ঝামেলায় পড়তে হয় প্রবাসীদের। যারা নির্দিষ্ট মালিকের অধীনে কাজ করেন তাদের অধিকাংশের ইকামা মালিক করে দেন। কিন্তু ফ্রি ভিসায় যাওয়া লোকদের মালিক না থাকায় তারা একজনের পরিচয়ে থাকতে হয়। তার পরিচয় ব্যবহার করে ইকামা করতে হয়। আর এই বিষয়টি নিয়েও শুরু হয়েছে ব্যবসা। যারা ফ্রি ভিসায় থাকেন তাদের অনেককে কোন মালিকের অধীনে ইকামা করতে দিতে হয় ‘মাসোয়ারা’। আয়ের একটি অংশ প্রতি মাসে বা বছর সিস্টেমে ওই মালিককে দিলে তারপরই ইকামা করার সুযোগ মিলছে। আর এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে অনেক বাঙালি।
এসব বিষয়ে ভুক্তভোগী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোস্তাফিজুর রহমান বলেন, এমনিতে ফ্রি ভিসায় কাজ মেলাতে পারছি না। তার ওপর ইকামা কেরতে গেলে পড়তে হয় বাড়তি ঝামেলায়। নিজের টাকায় যেমন ইকামা করতে হয় তেমনি যার পরিচয় ব্যবহার করে ইকামা করছি তাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। মূলত বাঙালিরা এদেশে এই ‘মাসোয়ারা’ সিস্টেম তৈরি করেছে। সেখান থেকে তারাও নিজেদের ভাগ বুঝে নেয়। বছরে যা ইনকাম করি তার বড় একটা অঙ্ক চলে যায় এসব কাজে। যার ফলে বছর শেষে সেভিংস বলে আর কিছুই থাকে না।

মুখের কথায় ‘প্রতারিত’ হচ্ছে মানুষ—কাজের অভাবে কেউ ফিরছেন, কেউ থাকছেন লুকিয়ে
পরিবারের ভাগ্য ফেরাতে প্রতি বছর অসংখ্য মানুষ প্রবাসে পাড়ি দেন। কিন্তু সময়ের সাথে সাথে প্রবাসে কমছে কাজের সংখ্যা। এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভিসার কারণে অনেক মানুষ কাজ না পেয়ে বসে থাকতে হয়। দালাল চক্রের কারসাজিতে অসংখ্য মানুষকে প্রবাস থেকে ফিরে আসতে হয় খালি হাতে। আবার অনেককে সহ্য করতে হয় নির্মম নির্যাতন। প্রবাসে গিয়ে এভাবে প্রতারিত হওয়া অসংখ্য মানুষের সাথে কথা বলে এবং তাদের অভিযোগ পর্যালোচনা করে দেখা যায়, ভিসা যাচাই-বাছাই না করেই অধিকাংশ মানুষ বিদেশে পাড়ি দেন। যার কারণে গন্তব্যে পৌঁছালে দেখা যায় ‘অমিল’। ভিসা প্রদানকারীর কথা এবং সেদেশে গিয়ে কাজের মধ্যে ‘মিল’ না থাকা থেকেই শুরু হয় সমস্যা। অনেক সময় দেখা যায়, মাসের পর মাস দেশ থেকে গিয়ে সেখানে অবস্থানের পরও মেলেনা কাজ। যার ফলে বাধ্য হয়ে কাউকে ‘অবৈধ’ হয়ে বাইরে যেতে হয়। কেউ কেউ সহ্য করতে না পেরে ফিরে আসেন আবার কেউ কেউ পরিবারের কথা চিন্তা করে সয়ে যান সব!
চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ মদার্শা ইউনিয়নের মো. শহীদুল্লাহ এসএসসি পাশ করার কিছুদিন পর পাড়ি জমান কাতারে। স্থানীয় ফোরকানের সাথে কথা ছিলো সেখানে গিয়ে কেবল ঘর ও বাচ্চাদের দেখাশুনা করতে হবে। কিন্তু কাতারে গিয়ে দেখে উল্টা চিত্র। প্রবাসীর ঘরবাড়ি পরিষ্কার থেকে শুরু করে চাপিয়ে দেওয়া হয় রান্নাবান্নাসহ সব কাজ। দেশে থাকতে কেবল পড়াশোনা করা শহীদুল্লাহর জন্য সেখানে ১০-১২ জনের রান্না মোটেও স্বাভাবিক বিষয় ছিলো না। তবুও ইউটিউব দেখে রান্নার চেষ্টা করলেও প্রতিনিয়ত সহ্য করতে হতো অকথ্য ভাষায় গালাগাল। একটা সময় শহীদুল্লাহকে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়।
শহিদুল্লাহ বলেন, আমার সাথে ফোরকানের কথা হয় কেবল বাচ্চা এবং ঘর দেখাশুনার কাজ। কিন্তু যাওয়ার পর থেকে আমার ওপর চাপিয়ে দেওয়া হয় রান্নার কাজ। তবুও আমি কিছু বলিনি। ম্যাডামকে বলি, আমি অন্যদের সাথে কিছুদিন কাজ শিখি তারপর করবো। কিন্তু আমি যাওয়ার দুইদিনের মাথায় বাসার বাকি লোকদের সীমান্তবর্তী মালিকের রিসোর্টে পাঠিয়ে দেয়। পুরো কাজ পড়ে আমর ওপর। যখন কাজ না জানায় আমার অনেক কিছু করতে সমস্যা হতো। আর একটু দেরি হলে বা কোন বেশ-কম হলে আমার দিকে তরকারি ছুঁড়ে মারতো তারা। গায়েও হাত তুলেছে এমনও দিন গেছে আমার।
তিনি বলেন, একটা সময় সহ্য করতে না পেরে পুলিশের আশ্রয় নিই। যখন সেদেশের আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিই তারা বলে, তুমি যদি চলে যাও তাহলে আবার কাজ শিখে এখানে আসতে পারবা কিন্তু বাড়তি ঝামেলা করলে একেবারেই লাল কালির দাগ দিয়ে দেওয়া হবে। তখন আর কোনদিন এদেশে আসা যাবে না। বাড়তি ঝামেলার ভয়ে কিছু না বলেই দেশে ফিরেছি। আমি বিদেশ যেতে খরচ হয় সাড়ে ৪ লাখ। তারা আমাকে একটা টিকেট করে খালি হাতেই দেশে পাঠিয়ে দেয়।
তিনি বলেন, ফোরকান যদি রান্নার বিষয় আমাকে বলতো তবে আমি হয়তো অন্য ভিসায় যেতাম, নয়তো কাজ শিখে যেতাম। এভাবে এক কথা বলে অন্য কাজ দেওয়ার কারণে শত শত প্রবাসী প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হচ্ছে।
চট্টগ্রামের রাউজান উপজেলার ইব্রাহিম ২০১৯ সালের শুরুর দিকে পাড়ি জমান সৌদি আরব। মালিকের বাড়ির পাশের বাগান দেখাশুনা এবং পরিচর্যার কথা বলে দেওয়া হয় ভিসা। তবে সেদেশে গিয়ে ইব্রাহিমের স্থান হয় উত্তপ্ত মরুভূমিতে। যেখানে মাইলের পর মাইল তাকালে কাউকে চোখে পড়ে না সেখানে তারা ১১ জন বসবাস করতেন। কাজ করতে হতো উট চরানোর। একটা সময় সহ্য করতে না ফেরে ইব্রাহিম পালিয়ে যায়। তবে ইকামা করতে না পারায় এখন থাকতে হচ্ছে অবৈধ উপায়ে। যার কারণে পালিয়ে পালিয়ে করতে হয় কাজ। কখনও এই শহরে কখনও অন্য শহরে পালিয়ে কাটছে ইব্রাহিমের প্রবাস জীবন। সেখান থেকে যে কোন মহূর্তে ফিরে আসতে হতে পারে দেশে।
ইব্রাহিম বলেন, আসার কয়েক দিন পর আমার পুরা শরীরর গামাছিতে ভরে যায়। শরীরে ফোসকা পড়ে। একে তো গরম তার ওপর খাওয়া থাকা কোনটার ঠিক ছিলো না। অসুস্থ হয়ে টানা ৮ দিন বিছানায় পড়েছিলাম। আল্লাহ হায়াত রাখায় বেঁচে আছি। এরপর ওখান থেকে পালিয়ে আমার এক পরিচিত বন্ধুর কাছে চলে আসি। তার আশ্রয়ে বেশ কিছুদিন থাকার পর কিছুটা সুস্থ হই। এরপর থেকে অবৈধভাবে এদেশে কাজ করে বেড়াচ্ছি। অনেক সময় কাজ করেও টাকা পাইনা, ভয়ে কিছু বলাও যায় না। এ যেন লুকোচুরির জীবন!
শহিদুল্লা-ইব্রাহিমদের মতো অসংখ্য প্রবাসী দালালদের ‘কথার ফাঁদে’ পড়ছেন প্রতিনিয়ত। ভিসা সঠিকভাবে যাচাই না করার কারণে অনেকে বিদেশে গিয়ে মাসের পর মাস থাকছেন বেকার। আবার কেউ কেউ দালালকে ইকামা বাবদ টাকা দিয়েও প্রতারণার শিকার হচ্ছেন। কেউ কেউ আছেন ভুয়া ভিসার কথা বলে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
প্রবাসীদের নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন রীতা চক্রবর্তী। চট্টগ্রামের হাটহাজারী থেকে প্রবাসীদের বিভিন্ন দুর্ভোগের অভিযোগ লিপিবদ্ধ এবং তার মীমাংসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেন। তিনি বলেন, আমরা যে সমস্ত অভিযোগ পাচ্ছি তার অধিকাংশই কথার সাথে বাস্তব কাজের মিল না থাকার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। মানুষ অন্যের কথার ওপর ভরসা করে প্রবাসে পাড়ি দিয়ে ভোগান্তিতে পড়ছেন। কেউ কেউ উচ্চ বেতন কিংবা বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভনে পড়েও নিঃস্ব হচ্ছেন।
তিনি বলেন, এমন অনেক চক্র আছে যাদের কাজই হচ্ছে ভিসা নিয়ে ব্যবসা করা। তারা চায় কোন মতে একজনকে একটা ভিসা ধরিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে। সম্প্রতি প্রবাসে যাওয়ার পর কাজ না পেয়ে বসে থাকার অভিযোগ বেশি আসছে। আর এসব থেকে বাঁচতে প্রবাসযাত্রা নিরাপদ করতে ভিসার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত সবার। সেই সাথে লোভে পড়ে অবৈধ পন্থায় বিদেশে না যাওয়ার পরামর্শও দেন তিনি।
প্রবাসেও হতে পারে উন্নত ক্যারিয়ার, পাঠেও আসতে পারে প্রবাস!
দেশের প্রত্যেকটা গ্রামের দিকে তাকালে দেখা যাবে প্রতি বাড়িতে অন্তত একজন প্রবাসী আছেন। পুরো গ্রামের বড় একটা অংশ প্রবাসী নির্ভর। তবে এসব প্রবাসীদের কেউই জীবনে স্বপ্ন দেখেননি প্রবাসী হওয়ার। ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছেন চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বড় কোন পেশাজীবি বা সরকারি চাকুরি করবেন। আর বিদ্যালয়ে যেসব বিষয়ে পড়াশোনা করেছেন তাও খানিকটা দেশিয় চাকুরি সম্পর্কিত। তবে পড়াশোনা থেকে ঝরে পড়ে বা জীবনের একটা সময় যখন চাকুরি জরুরী হয়ে পড়ে তখন দেশে কিছু করতে না পেরে পাড়ি জমান প্রবাসে। সঙ্গত কারণে প্রবাস নিয়ে কোন ধারণা কিংবা পরিকল্পনাই থাকে না। আর এই ধারণা না থাকা কিংবা পরিকল্পনা না থাকার কারণে বাংলাদেশ থেকে যারা বিদেশে যান তাদের অধিকাংশই ‘শ্রমিকের’ কাজ করেন। আবার অনেক প্রতারক চক্র অজ্ঞতা বা অসাহায়ত্বকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাাসিল করছেন। প্রবাসে গিয়ে বাংলাদেশিরা যেসব কাজ করে থাকেন তার বেতনও তুলনামূলক কম। যার ফলে প্রবাসীদের আয়ও কমে যায়। তবে প্রবাসেও সুযোগ রয়েছে ভালো বেতনে চাকুরি করার। কিন্তু অসচেতনতা, দক্ষতার অভাব কিংবা না জানার কারণে সে সুযোগ নিতে পারেন না অধিকাংশ প্রবাসী।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে যে কয়েকটি নিয়ামক সব থেকে বেশি ভূমিকা রেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৈদেশিক রেমিটেন্স। বিশ্ব ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত অক্টোবর-২০২৩ প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার রেমিটেন্স আহরণে শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে রেমিটেন্সের অবদান ৪ দশমিক ৬৭ শতাংশ যা জিডিপিতে রেমিটেন্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৪ নম্বরে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় আসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। পরের মাস আগস্টে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ লাখ ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যে মতো প্রায় ১ কোটি ৫৭ লাখ মানুষ প্রবাসী রয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আগস্ট মাসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে দেশের মোট বেকার এখন ২৫ লাখ।
দেশে অর্থনীতিতে যেমন প্রবাসীদের অবদান অনেক তেমনি বেকারত্ব দূরীকরণেও প্রবাসের ভূমিকা কম নয়। বেকারত্ব দূরীকরণ কিংবা প্রবাসী আয় এবং ভোগান্তি লাগবে এই নিয়ে যে আরও বেশি সচেতনা-আলোচনা দরকার তা নিয়ে কেউই দ্বিমত পোষণ করেন না। তবে সঠিক পরিকল্পনার অভাব একদিক দিয়ে যেমন প্রবাসীদের ভুগাচ্ছে তেমনি নষ্ট করছে সুনাম ও শ্রমবাজার। আর তাই বিদেশে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার ধরে রাখতে এবং সুনাম বজায় রেখে শক্তি বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং গোড়া থেকেই শক্ত হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০ জন প্রবাসে যেতে ইচ্ছুক এমন ব্যাক্তির সাথে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে ১৮ জনের কোন পরিকল্পনাই ছিলো না প্রবাসে যাবেন। তাদের মধ্যে ১৬ জন দেশে অনেক কাজ করতে চেয়েছেন কিন্তু খরচের সাথে মানিয়ে নিতে পারেননি বা চাকুরি হারিয়েছেন। তাদের অধিকাংশ আবার মনে করেন, বিদেশ গেলেই একটা না একটা কিছু হবে! তাদের মধ্যে ১৮ জন জানেন না বিদেশে গিয়েও ভালো চাকুরি করা যায়।
সংশ্লিষ্টরা বলছেন, ছোটাবেলা থেকে একজন পড়াশোনা করে দেশে চাকুরি, ব্যবসা বা বিভিন্ন ধরণের সরকারি বেসরকারি পেশাজীবী হতে চান। অথচ কর্মসংস্থানের অভাবে একদিকে যেমন অনেককে বেকার থাকতে হয় তেমনি পড়াশোনা থেকে ছিটকে যাওয়া বা পারিবারিক চাপের কারণে পরিণত হওয়ার আগেই অনেককে আয়ের পথ খুঁজতে হয়। আর তখন কোন উপায় না পেয়ে দালাল বা অন্য কোন মাধ্যমে প্রবাসে পাড়ি দেয় মানুষ। এক্ষেত্রে কিছু মানুষ আছে যারা অতিরিক্ত লোভে, বাড়তি আয়ের আসায় বিভিন্ন পথে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। বৈধ কিংবা অবৈধ উপায়ে যেভাবেই বিদেশ যাওয়া হোক না কেন ‘মাঠ পর্যায়ের’ কাজগুলোই করতে হয় বাংলাদেশিদের। আবার অনেকে আছেন জীবনের অনেকটা সময় নষ্ট করার পর প্রবাসে পাড়ি দেন। তাড়াহুড়ো, অজ্ঞতা, অতিরিক্ত বিশ্বাস কিংবা লোভের কারণে প্রতিনিয়ত মানুষ প্রতারিত হচ্ছেন।
তারা বলেন, আমাদের পাঠ্যবইয়ে ক্যারিয়ার নিয়ে বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। কিন্তু যে প্রবাসীদের ঘামের টাকায় দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সে সম্পর্কে কোন আলোচনাই হয় না। আমাদের পাঠ্যবই কিংবা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে যখন ‘প্রবাস’ নিয়ে কথা হবে তখন অনেক দিক থেকেই লাভ হবে।
তারা বলেন, প্রবাস নিয়ে কোন গল্প যদি পাঠ্য বইয়ে তুলে ধরা হয় তাহলে শিক্ষার্থী থাকা অবস্থায় একজন সে সম্পর্কে জানতে পারবে। যার ফলে অন্যান্য পেশার পাশাপাশি এই পেশা নিয়েও একটা পরিকল্পনা থাকবে। একজন যখন বিদেশে যেতে চাইবেন সে অনুযায়ী নিজের দক্ষতা বৃদ্ধি করবেন। তাহলে অযথা সময়ও নষ্টও হবে না আবার বেকার হয়েও বসে থাকতে হবে না।
তারা আরও বলেন, একজন যখন জানবেন, পড়বেন তখন আরও বেশি সচেতন হবেন। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে যেমন বিদেশেও ভালো মানের কর্মের জোগান করতে পারবেন তেমনি সুনাম বাড়াতে পারবেন বাংলাদেশি জনিশক্তি বা জনসম্পদের। যা স্বল্প আয়তন এবং তুলনামূলক অপ্রতূল কর্মসংস্থানের এদেশের অর্থনীতিতে আরও বিরাট ভূমিকা রাখতে পারে। যখন দক্ষ জনশক্তির সুনাম চারদিকে ছড়াবে তখন বিশ্ববাজারে বাঙালিদের কদর আরও বেড়ে যাবে।
এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট দিল আফরোজ বলেন—নারী কিংবা পুরুষ, প্রবাসে যেতে হলে দক্ষতা গুরুত্বপূর্ণ বিষয়। আমার বাসায় একটা মেয়ে কাজ করতো। সে বিদেশ যেতে চাইলে আমি তাকে বাসার সব কাজ শিখাই। পরে সে যখন বিদেশ যায়—তখন কাজ শিখে যাওয়ায় যে সুফল পেয়েছে সেটা ওখান থেকে ফোনে আমাকে জানায়। তখন আমারও ভালো লাগে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বইয়ে কোনো পাঠ কিংবা গল্প আকারে যদি প্রবাস সম্পর্কে পড়ানো হয় তাহলে সচেতনতা এবং প্রবাস সম্পর্কে মানুষ আরও বেশি জানবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করলে পজেটিভ রেজাল্ট আসবে আশা করি। যখন একজন দক্ষ হবে তখন দেশের বাইরে তার কদর বাড়বে। বাড়বে শ্রমের দামও। তখন রেমিটেন্সও বাড়বে।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, প্রবাসে গিয়ে যেসব সমস্যায় পড়েন তার মধ্যে দক্ষতা না থাকায় বেশিরভাগ ক্ষেত্রে নারীরা সমস্যায় পড়েন। নারীরা মূলত বাসার কাজেই প্রবাসে যান। সেক্ষেত্রে কাজ এবং ভাষা জানা না থাকলে টিকে থাকা কষ্টকর। এছাড়া সেদেশের পরিবেশ এবং খাবার দাবারের সাথে মানিয়ে নিতে না পেরেও অনেক নারীকে প্রবাস ছাড়তে হয়।
তিনি বলেন, এসবের পাশাপাশি নির্যাতনের ঘটনাও রয়েছে। কাজ না জানায় বা নিয়োগকর্তা এবং সেদেশের মালিকের মানসিকতার জন্যও অনেক নারী ভোগান্তিতে পড়েন। এসব রোধে আমরা নারীদের বিদেশ যাওয়ার আগে ২ মাস মেয়াদি ট্রেইনিং দিয়ে থাকি। আর এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা যেমন কাজ শিখতে পারেন তেমনি ভাষাগত দক্ষতা এবং ব্যাক্তিগত সুরক্ষার কৌশল রপ্ত করেন।
তিনি বলেন, ভোগান্তি এড়াতে যে সমস্ত নারীরা প্রবাসে যেতে চান তাদের উচিত এই প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসে যাওয়া। তবে সব ঠিক থাকলেও কুরুচিপূর্ণ মানসিকতাসম্পন্ন মানুষের জন্য অনেক নারী নির্যাতনের শিকার হন। সেক্ষেত্রে তারা আমাদের দ্বারস্থ হলে আমরা দূতাবাসের মাধ্যমে সমাধানের চেষ্টা করি। তখন রিক্রুটিং এজেন্সি কিংবা স্থানীয় ভিসা প্রদানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। তবে আমাদের অনেক নারী সামাজিক ভয়ে বিষয়গুলো খুলে বলতে চান না।
তিনি বলেন, পুরুষদের মধ্যে যারা এক কাজের ভিসার গিয়ে অন্য কাজ করতে হয় তাদের উচিত আগে থেকেই ভিসা যাচাই-বাছাই করে নেওয়া। এছাড়া প্রয়োজনীয় সব ডকুমেন্ট সংরক্ষণ করলে কোন সমস্যায় পড়লে সমাধান পাওয়া যায়।
ফ্রি ভিসায় মধ্যপ্রাচ্যে গিয়ে প্রতারণার বিষয়টি নজরে আনলে তিনি বলেন, ফ্রি ভিসা বলতে এটির নাম করে মানুষদের ভিজিট ভিসায় দেশ পার করা হয়। এক্ষেত্রে যে ব্যক্তি নিয়ে যান তিনি ভিসার জন্য একটা বড় অঙ্কের টাকা নেন। আশ্বাস দেন গন্তব্যে পৌঁছালে কাজ দিবেন। কিন্তু বেশিরভাগ সময় এই ভিসায় গিয়ে ইকামা এবং কাজের জটিলতায় পড়তে হয়। তাই সমস্যা থেকে বাঁচতে নির্দিষ্ট মালিকের আওতাধীন ভিসায় যাওয়াই ভালো। এতে করে কাজের নিশ্চয়তা থাকে।
কেয়ার ভিসায় ইউরোপে যাওয়ার ক্ষেত্রে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন এমন বিষয় নজরে আনলে তিনি বলেন, এই ভিসার অনেক ডিমান্ড রয়েছে। তবে যত দিন যাচ্ছে দালাল এবং প্রতারকর সক্রিয় হচ্ছে। তাই লোভনীয় কোন অফারে প্রলুব্ধ না হয়ে সঠিক উপায়ে সবকিছু জেনে বুঝে গেলে ঝামেলায় পড়ার সম্ভাবনা কমবে।
কুমিল্লা এবং চট্টগ্রামের চেয়ে ঢাকায় প্রবাসীর সংখ্যা কম হয়েও তুলনামূলক আয় বেশি। এছাড়া বাংলাদেশিরা যারা প্রবাসে পাড়ি দেন তাদের অধিকাংশ মাঠ পর্যায়ের কাজ করে। এসব বিষয় তুলে ধরে এক্ষেত্রে প্রবাসে বাংলাদেশিদের উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে কি-না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসেও বাংলাদেশিদের উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে সেই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হতে হবে। দক্ষতা এবং পড়াশোনা জানতে হবে। তবে বাংলাদেশি প্রবাসীদের অনেকেরই দক্ষতার ঘাটতি রয়েছে যার কারণে ‘উচ্চমান সম্পন্ন’ হিসেবে পরিচিত কাজগুলো বাংলাদেশি প্রবাসীরা করতে পারেন না।
এক্ষেত্রে প্রবাস সম্পর্কে আরও সচেতন এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নত ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে বিষয়টি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তি করার যুক্তিযুক্ত এবং কোন পদক্ষেপ নেওয়ার উপায় আছে কি-না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই বিষয়টি পাঠ্যবইয়ে আসা যুক্তিযুক্ত। সেক্ষেত্রে প্রবাস সম্পর্কে মানুষ যেমন জানবে তেমনি বাইরের দেশে ক্যারিয়ার হড়তে নিজেকে প্রস্তুত করবে। যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির বিষয়টি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় তাই আমরা এটির প্রস্তাবনা দিতে পারি। বাস্তবায়নের কর্তৃত্ব মন্ত্রণালয়ের হাতে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবো।
বি:দ্র: প্রবাসীদের অধিকারের প্রশ্নে, স্বার্থের প্রশ্নে দৈনিক চট্টগ্রাম খবর তাঁদের পাশে আছে সব সময়। চট্টগ্রাম খবরে বিভিন্ন সময় প্রকাশিত ৪টি প্রতিবেদনের পরিমার্জিত রূপ,‘সহস্র সংগ্রামে মোড়ানো প্রবাস জীবন’। যেখানে প্রবাসীদের ভোগান্তি, প্রতারণা, অনিশ্চিত জীবন, সাফল্য-সম্ভাবনা, সমৃদ্ধির কথা তুলে ধরা হয়েছে।——বার্তা বিভাগ, দৈনিক চট্টগ্রাম খবর।



মন্তব্য নেওয়া বন্ধ।