অপরাধীদের সতর্ক নয়, ব্যবস্থা নেব: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনে জন্য সবধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সারাবিশ্ব আমাদের দিকে থাকিয়ে আছে, সুতরাং আমাদের দায়িত্ব পালনে সততার প্রমাণ করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, নিজের অনেক সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোন সীমাবদ্ধতার অযুহাত শুনতে চাইনা। আপনার কোন সমস্যা হলে আমাদের জানান-আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। কিন্তু নির্বাচনের সময় আমরা কোন সমস্যার কথা শুনতে চাইনা। আপনার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিতে হবে। নির্বাচন নিয়ে মানুষের অনেক প্রত্যাশা।

তিনি বলেন, মানুষের এই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদের। আপনার যে ছেলেটি রক্তদিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে সেই ছেলেটির কথা চিন্তা করবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিগত সময়ে অনেক অভিযোগ উঠেছে। এবার আমরা কোন ব্যক্তির গোলামী করতে চাইনা, আমরা রাষ্ট্রের গোলামী করব।

তিনি আরও বলেন, কেন্দ্রে কোনো সমস্যা হলে ৫মিনিটের মধ্যে ফোর্স পৌঁছে যাবে। এখন ভয়ের সময় নাই, ত্যাগের সময়। অপরাধীদের নতুন করে আর সতর্ক করতে চাইনা, এবার ব্যবস্থা নেব। ১২ তারিখ ভোট শেষ করে মানুষের প্রত্যাশা পূরণ করে আপনারা বাড়ি ফিরবেন।

আনোয়ারায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, লেঃ কর্ণেল মো. ইশতিয়াক আলম খান, স্থানীয় সরকার উপ পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট ও আনসার-ভিডিপি পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ ও চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে, বেলা ১১টার দিকে কর্ণফুলী উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।

মন্তব্য নেওয়া বন্ধ।