আনোয়ারায় চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় কান্দরিয়া খালের উপর নির্মাধীণ স্লুইসগেট নির্মাণ কাজে চাঁদা দাবির ঘটনায় সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল ওরফে ট্যাটু সোহেলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজ, সন্ত্রাস ও ছিনতাইসহ ১০ এর অধিক চাঞ্চল্যকর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া এলাকার শরীফ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল ওই এলাকার রবিউল হোসেনের ছেলে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আনোয়ারা থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

পুলিশ জানায়, পানি উন্নয়ন বোর্ডের অধীনে চাতরী ইউনিয়নের কেঁয়াগড় সুইচ গেইট নির্মাণ কাজের পাইলিংসহ অন্যান্য কাজ শুরু করলে সোহেল নির্মাণস্থলে গিয়ে ইঞ্জিনিয়ার মো. শাহিন খান (৪০) কাছ থেকে ২৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে। এর দুইদিন নির্মাণস্থলে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তার করে নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি শাহিনকে না পেয়ে উপস্থিত শ্রমিকদের অকথ্য ভাষায় গালমন্দসহ নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ত্রাস সৃষ্টি করে হুমকি এবং তাদের মারধর করে। এ ঘটনায় মো. শাহিন খান (৪০) বাদী হয়ে থানায় মামলা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।