আনোয়ারায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত

নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আনোয়ারা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।

এরপর একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকাল ৮টা থেকে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এই কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে। পরে সেখানে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারাজুড়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক আবহ ছড়িয়ে পড়ে।

মন্তব্য নেওয়া বন্ধ।