আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের ৯ দিনপর ইছামতী খাল থেকে আবু সৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টায় উপজেলার খাদ্য গুদামের পাশের ইছামতী খাল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আবু সৈয়দ উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদারের বাড়ির মালেকুজ্জামানের ছেলে। তিনি আনোয়ারা থানাধীন সদর এলাকার কেজি ভবনে ভাড়া বাসায় থাকতেন। গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে খালে একটি লাশ ভাসতে দেখেন মিলু আকতার নামে এক স্থানীয় বাসিন্দা। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যরা লাশটি আবু সৈয়দের বলে শনাক্ত করেন।

স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েক মাস আগে ব্রেইন স্ট্রোক করে মানসিক ভারসাম্যহীনতায় ভুগেছেন।

নিহতের পুত্র হেলাল উদ্দিন বলেন, গত ৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে আমার বাবা আনোয়ারা থানাধীন ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। পরে আমার মা ইসলাম খাতুন আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বাবার লাশ এভাবে উদ্ধার হবে, এমন ধাক্কা মনে লেগেছিলো। বাবার পরনে লুঙ্গি ও গলার তাবিজ থেকে লাশ শনাক্ত করতে পেরেছি।

প্রত্যক্ষদর্শী মিলু আক্তার (৬০) বলেন, সকালে ঘুম থেকে উঠে গরু নিয়ে বের হচ্ছিলাম। হঠাৎ খালের দিকে তাকিয়ে দেখি উল্টো হয়ে একটি লাশ ভাসছে। আমি খুব ভয় পেয়ে যাই। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাই।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, খাল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।