চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় পারিবারিক বিরোধের জেরে কেরোসিন ঢেলে বসতঘর আগুন ধরিয়ে দেওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. মহিউদ্দিন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আগুনে পাশ্ববর্তী আরও ৪টি ঘর পুড়ে যায়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরারচর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক যুবক মহিউদ্দিন একই এলাকার নুরুল ইসলামের ছেলে। পেশায় একজন তরকারি ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী ক্ষতিগ্রস্তদের সঙ্গে জমি বিরোধ চলে আসছিল বলে জানা গেছে। এর জের ধরে দুপুরে আগুন ধরিয়ে দেন সে।
অগ্নিকাণ্ডে অন্য ক্ষতিগ্রস্তরা হলেন, শামসুর ইসলাম, মো. আব্দুল আলিম ও মোহাম্মদ রহিম। আগুনে আসবাবপত্র, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মহিউদ্দিনের সাথে প্রতিবেশী চাচাদের বসতভিটা নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সে নিজের বসতঘরে কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে একইভাবে তার চাচাদের বসতঘরেও আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দুটি বসতঘরে ছড়িয়ে পড়লে চারটি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল্লাহ বলেন, আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্তের চাচাতো ভাই মো. জয়নাল আবেদিন জানান, মহিউদ্দিন দোকান থেকে কেরোসিন এনে প্রথমে নিজের ঘরে এবং পরে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। সে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্নভাবে নির্যাতন ও ঝামেলা করে আসছিল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, নিজের চাচাদের সঙ্গে জমি বিরোধের ঘটনায় নিজের ঘরসহ আগুন ধরিয়ে দেয় আটককৃত যুবক। আগুন যাতে কেউ নিভানোর চেষ্টা না করে সেজন্য ধারালো ছুরি নিয়ে বসে ছিল ঘটনাস্থলে। পরে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।



মন্তব্য নেওয়া বন্ধ।