চট্টগ্রামের আনোয়ারায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ভাঙনের কবলে অনেক সড়কে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এ অবস্থায় উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় সংযোগ সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিএনপি নেতা ও চাতরী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. শহিদুল আলমের অর্থায়নে এবং দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে প্রায় তিন সপ্তাহ ধরে কেঁয়াগড়-চাতরী সংযোগ সড়কটি বিচ্ছিন্ন ছিল। এতে রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং চাকরিজীবীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। সড়কটি মেরামত হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিএনপি নেতা আলহাজ্ব মো. শহিদুল আলম বলেন, “সবার আগে দেশ” স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আনোয়ারা নাগরিক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সামাজিক ও জনকল্যাণমূলক কাজে আরও বেশি এগিয়ে আসা উচিত। এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।


