আনোয়ারায় মা-মেয়ের মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পের নিজ বসতঘরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ সুমি আকতার (১৯) ও তার দুই বছরের কন্যাশিশু ওয়াজিহা আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় স্বামী মোহাম্মদ মিজানুর রহমানকে (২৮) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী।

এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে মিজানুর রহমান ও শাশুড়ি রিজিয়া বেগমকে আসামী করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। ঘটনারপর নিহতের স্বামী মিজানকে পুলিশ গ্রেপ্তার করলেও শাশুড়ি রিজিয়া বেগম পলাতক রয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন।

মামলার বাদী নজরুল ইসলাম বলেন, ‘বুধবার ময়নাতদন্তের পর বিকালে আমাদের বাড়িতে তাদের লাশ দাফন করা হয়। স্বামী-শাশুড়ি দুইজনই পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করেছে। তাই আমি তাদের আসামী করে মামলা দায়ের করেছি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে প্রকৃতঘটনা জানা যাবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পের নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় সুমি আকতার (১৯) ও তার দুই বছরের কন্যাশিশু ওয়াজিহা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটেছে বলে জানা যায়।

মন্তব্য নেওয়া বন্ধ।