আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা যুবদলের আহ্বায়কের দোয়া মাহফিল

আপোষহীন দেশনেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ মর্মান্তিক ঘটনায় দেশ, জাতি ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা গভীর শোক ও বেদনায় মর্মাহত। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের আহবায়ক হারেছ আহমেদ (হারেছ) নেতৃত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ (হারেছ), বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, বৈরাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আজিম, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য (আহ্বায়ক কমিটি) এম. মহিন উদ্দিন, বৈরাগ ইউনিয়ন যুবদল নেতা ওসমান মেম্বার, যুবদল নেতা দিদারুল আলম, যুবদল নেতা মহিউদ্দিন, যুবদল নেতা বক্করসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কোরআন খতম শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি, রুহের মাগফেরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করা হয়।পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল সৈনিক। আপোষহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি শুধু একজন নেত্রীকেই হারায়নি, হারিয়েছে একজন সাহসী অভিভাবক ও গণতন্ত্রের প্রতীককে।

মন্তব্য নেওয়া বন্ধ।