ক্ষমতায় যাওয়ার আগেই লুটপাটে ব্যস্ত একদল: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক বলেছেন, গত ৫৪ বছরে দেশে শাসক পরিবর্তন হলেও শোষণের চরিত্র বদলায়নি। আগে বিদেশিরা সম্পদ লুট করত, এখন দেশের শাসকরাই জাতীয় সম্পদ বিদেশে পাচার করছে। তিনি বলেন,বাংলাদেশের কাঁধে ২টি ভয়াবহ ভূত চেপে বসেছে—গুন্ডামি ও সন্ত্রাসতন্ত্র এবং দুর্নীতি ও লুটপাটতন্ত্র। ক্ষমতায় যাওয়ার আগে সন্ত্রাসের মাধ্যমে ভোটাধিকার হরণ করা হয়, আর ক্ষমতায় গিয়ে মেহনতি মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত রিকশা মার্কার প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনীরের পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশে দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতির অবসান ঘটবে। জুলাই বিপ্লবে যারা জীবন ও রক্ত দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়েছে, তাদের স্বপ্ন এখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথিদের বক্তব্য জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। গত ১৮ বছরের অপশাসন ও দুর্নীতিতে দেশ আজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনীর বলেন, আসন্ন নির্বাচনে জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে এবং হাটহাজারীর উন্নয়নের পক্ষে রিকশা মার্কাকে বিজয়ী করবে ইনশাল্লাহ।

মন্তব্য নেওয়া বন্ধ।