খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চারটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে উভয় পক্ষের কেউ হতাহত হয়নি।
সোমবার (২৭ জুলাই) ভোররাত আনুমানিক সোয়া ৩টার দিকে তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের যামিনীপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্ত এলাকায় চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দেওয়া হয়।
তিনি জানান, জব্দ করা অস্ত্র ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচার প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


