চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রবিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় বায়েজিদ থানার টেক্সটাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজানুর খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকার তাজুল ইসলামের ছেলে।
সোমবার (২ নভেম্বর) সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে টেক্সটাইল এলাকায় দুই ব্যক্তি অস্ত্র-গুলি কেনা-বেচা করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি লেগুনা থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
তবে এ সময় নিজাম উদ্দিন (২৮) নামে আরেক ব্যক্তি পালিয়ে গেছেন। পরে ওই লেগুনার চালকের সিটের নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।
পলাতক নিজামকে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন আব্দুর রহিম।


