চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার

0

চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা এক দম্পতি ও তাদের চার-পাঁচ মাস বয়সী শিশুটি অক্ষত রয়েছে বলে জানা যায়।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক আহত হয়েছেন। জানা গেছে, প্রাইভেটকারটিতে চালক ছাড়াও এক দম্পতি ও তাদের চার-পাঁচ মাস বয়সী একটি শিশু ছিল। তারা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন। দুর্ঘটনায় শিশুসহ অন্য যাত্রীরা অক্ষত রয়েছেন।

বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। চালক আহত হলেও অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন। তারা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন বলে জানা গেছে। তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।