চট্টগ্রামে একদিনে জামায়াতের তিন সভা আগামীকাল

নির্বাচনী সফরে আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সফর করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন চট্টগ্রাম নগরী ও জেলায় তিনটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এদিন সকালে জনসভার ভেন্যু চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠ পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি মঞ্চ ও মাঠের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফুর রহমান, হামেদ হাসান ইলাহী, আবু তালেব চৌধুরীসহ অন্যান্য নেতারা।

দলীয় সূত্র জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নিয়ে মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলায় পৃথক তিনটি জনসভা করবেন জামায়াতের আমির। এর মধ্যে সোমবার সকাল ১১টায় দক্ষিণ চট্টগ্রামের আসনগুলোর প্রার্থীদের নিয়ে লোহাগাড়া পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে, উত্তর চট্টগ্রামের আসনের প্রার্থীদের নিয়ে দুপুর ২টায় সীতাকুন্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং মহানগরীর আসনের প্রার্থীদের নিয়ে বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ছাড়াও ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তাদের দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।