কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ স্কুলশিক্ষক নাসরিন আক্তার মুক্তার ডিএনএর সঙ্গে উদ্ধার হওয়া কোনো মরদেহের নমুনার মিল পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার উপপরিদর্শক রিমন ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
শনাক্ত হওয়া নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার শ্যামলীর গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।
নিহত অন্য ছয়জন হলেন মৌলিতা মেহজাবিন আলভি (১৯), লায়লা জাহান নাবিলা (২৫), ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), ফারিয়ার ছেলে মোহাম্মদ ফাইজান নূর (৬) এবং তার ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তারা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকার বাসিন্দা।
সিআইডির এক কর্মকর্তা জানান, ২৭ বছর বয়সী স্কুলশিক্ষক নাসরিন আক্তার মুক্তার ডিএনএর সঙ্গে উদ্ধার হওয়া ১০টি মরদেহের কোনো নমুনার মিল পাওয়া যায়নি। আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক মুক্তা দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
মুক্তার স্বামী দেওয়ান ফয়সালের দাবি, আগুন লাগার সময় তার স্ত্রী রিসোর্টের একটি কক্ষে আটকা পড়েছিলেন। মুক্তার দুই বান্ধবী বের হতে পারলেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে তদন্ত কমিটি জানিয়েছিল, মুক্তার অবস্থান শনাক্ত করতে তার মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
গত ১৭ অক্টোবর সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাশে পাটুয়ারটেক সৈকতসংলগ্ন তিনতলা রিসোর্টটিতে আগুন লাগে। এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত সাতজন হাসপাতালে চিকিৎসা নেন। নিখোঁজের তালিকায় ১১ জনের নাম থাকায় শুরু থেকেই হতাহতের হিসাব নিয়ে অসংগতি দেখা দেয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো কমিটির প্রতিবেদন জমা পড়েনি।
এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রিসোর্টের মালিক মোহাম্মদ তানভীর সুলতান মিয়াকে মামলার প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। আরেক মালিক নেওয়াজ মোর্শেদও আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


