কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ

0

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে এবার জিরো টলারেন্স নীতি নিয়েছে পুলিশ। সম্প্রতি কক্সবাজার জেলা পুলিশের এক সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ধ্যার পর কোনো স্কুল-কলেজের শিক্ষার্থীকে অপ্রয়োজনে রাস্তায় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে পুলিশের এই প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা পুলিশের আয়োজনে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমন’ শীর্ষক একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ প্রধান (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী এই মন্তব্য করেন।

কিশোর গ্যাংয়ের উত্থানের পেছনে পারিবারিক শাসন ও নজরদারির অভাবকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ছেলে-মেয়েদের ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকায় পড়াশোনার বয়সে তারা রাস্তায় অহেতুক ঘুরে বেড়াচ্ছে এবং বখাটে আচরণ করছে। সমাজ থেকে এই অপরাধ নির্মূলে তিনি পরিবার ও শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন।

তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিশোর গ্যাং এ দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। অপরাধ দমনে জেলা পুলিশ সম্প্রতি কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।