চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৭

চট্টগ্রামের খুলশীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত জামায়াতের সাত কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরীর খুলশী এলাকার আমবাগানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহত জামায়াত কর্মীরা হলেন- এরশাদ উল্লাহ, গোলাম মঞ্জুর মোরশেদ, বারাকাত উল্লাহ, মো. বাহার, জসিম উদ্দিন, মহিবুল্লাহ ও মো. আরিফ। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামী সমর্থিত চট্টগ্রাম-১০ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামসুজ্জামান হেলালীর নির্বাচনি গণসংযোগ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এশার নামাজ পর আমবাগান এলাকায় গণসংযোগ চলার সময় হঠাৎ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জামায়াতের নেতাকর্মীরা তাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।

জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির কর্মীরা পরিকল্পিতভাবে তাদের শান্তিপূর্ণ নির্বাচনি কর্মসূচিতে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, হামলার সময় সাতটি মোবাইল ফোন, প্রচারণায় ব্যবহৃত দুটি হ্যান্ড মাইক এবং কিছু নগদ টাকা লুট করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বিরোধী প্রার্থীদের জনপ্রিয়তা দেখে একটি মহল সহিংসতা ও ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, দুই পক্ষই অভিযোগ করছে তাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রাজনৈতিক দলগুলোর কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে পুলিশ।

মন্তব্য নেওয়া বন্ধ।