চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ।
এর আগে, গত ২ জানুয়ারি রাঙামাটি জেলার কলেজ গেট এলাকা থেকে ঘটনায় জড়িত মনির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
নতুন করে গ্রেপ্তারকৃত ৬ ব্যক্তি হলেন—মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ পারভেজ।
গ্রেপ্তারদের কাছ থেকে চারটি উসকানিমূলক ব্যানার, কেরোসিন তেলের দুটি কন্টিনার ও একটি বোতল উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তেলমাখা একটি লুঙ্গি ও একটি পুরোনো কালো শার্ট। এছাড়া একটি মোবাইল ফোন ও ঘটনাস্থলে যাতায়াতে ব্যবহৃত হওয়া একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব বলেন, আগে গ্রেপ্তার হওয়া মনির হোসেনের দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে ছয়জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সাথে জড়িত সবাই ‘নিষিদ্ধ সংগঠনের’ সক্রিয় নেতা ও কর্মী বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ডিসেম্বর ২০২৫ সালে রাউজান ও রাঙ্গুনিয়া থানার বিভিন্ন এলাকায় গভীর রাতে একাধিক বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে কয়েকটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।



মন্তব্য নেওয়া বন্ধ।