বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী যেসব পরীক্ষা বাকি রয়েছে, সেগুলো ২৭ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। আর বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে পৃথকভাবে প্রকাশ করা হবে।
এর আগে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা বোর্ড জানিয়েছিল, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগব্যবস্থার মারাত্মক বিঘ্ন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এসব জেলার পরীক্ষার্থীরা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় পরীক্ষায় অংশ নেবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


