চায়না ইকোনমিক জোনে ডাকাতি: চারজন গ্রেপ্তার, লুটের মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে সংঘঠিত ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি রাতে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ১৫–২০ জনের সশস্ত্র ডাকাত দল জোনের পশ্চিম পাশের সীমাহীন অংশ দিয়ে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র, রামদা, চুরি ও লোহার রড় ব্যবহার করে দায়িত্বপ্রাপ্ত গার্ডদের বেঁধে ড্রাম ট্রাক, স্ক্রেবেটর, রোলার মেশিন, ড্রেজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি লুট করে।

গ্রেপ্তাররা হলেন মো. হেলাল হোসেন (২৯), মো. সালাহউদ্দীন (৩৩), মো. রবিউল হোসেন প্রকাশ সোহেল (৩০) ও মো. এসকান্দার প্রকাশ মদন (৪৫)। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেখানো স্থান থেকে মিনি পিকআপ, একটি সিএনজি, গ্যাস কাটার, বেয়ারিং, তামার তারের বান্ডিল, সেল, মোটর, হাসুয়া এবং দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করা হয়েছে।

শিল্প পুলিশ সুপার খুলশী আবদুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সম্পূর্ণ তদন্ত অব্যাহত থাকবে।

চায়না ইকোনমিক জোনের নির্বাহী প্রকৌশলী শাহেদুজ্জামান জানিয়েছেন, পুলিশ তাদের কাছে উদ্ধার ও গ্রেপ্তার সংক্রান্ত বিষয় নিশ্চিত করেছে এবং বিষয়টি নিয়ে শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।