চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

0

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পাশাপাশি চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন তারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে চুয়েট ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। চোখে কালো কাপড় বেঁধে মিছিলের মাধ্যমে প্রশাসনের নীরবতার প্রতীকী প্রতিবাদ জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা নবম দিনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। প্রশাসনের নীরবতার প্রতিবাদেই চোখ বেঁধে মিছিলের কর্মসূচি পালন করা হয়েছে।

এর আগে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাকে অপসারণের সিদ্ধান্ত আসে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।