চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন ওরফে জামাই ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।
তাদের বিরুদ্ধে এসআরবি সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন গ্রেফতার আব্দুর শুক্কুর। ইয়াসিনের বিভিন্ন কর্মকাণ্ড, জমি কেনাবেচা এবং অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে পুলিশের দাবি।
মেহেদী হোসেন ও সাকিবুল হাসান আপন দুই ভাই এবং ইয়াসিনের বোনের ছেলে। তারা ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের ফেসবুক পেজের অ্যাডমিন বলে জানিয়েছে পুলিশ। আনোয়ারও ইয়াসিনের বোনের ছেলে। বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে পারভেজকে ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এ নেটওয়ার্ক অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালাত। ফেসবুক পেজ ও ভুয়া আইডির মাধ্যমে পুলিশ, বিজিবি ও এসআরবির অভিযান এবং সরকারি সিদ্ধান্ত নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানো হতো।


