চট্টগ্রামে আগামী ২০ নভেম্বর শুক্রবার মঞ্চস্থ হতে যাচ্ছে কথক নাট্য সম্প্রদায়ের নাটক ‘মুচিরাম গুড়’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মুচিরাম গুড়ের জীবন চরিত’ গল্প অবলম্বনে নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন বিক্রম চৌধুরী।
শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে নাটকটির মঞ্চায়ন হবে।
নাটকটির মূল উপজীব্য সমাজের সুবিধাবাদী ও তোষামোদকারী মানুষের চরিত্র উন্মোচন। বঙ্কিমচন্দ্রের মূল গল্পে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে এমন এক শ্রেণির মানুষের চিত্র তুলে ধরা হয়েছে, যারা ক্ষমতাবানদের তোষামোদ করে সামাজিক মর্যাদা ও উপাধি অর্জনে তৎপর ছিল। তবে এই ব্যঙ্গ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে নয়; বরং সব সময় ও সমাজে বিদ্যমান সুবিধাবাদী মানসিকতার প্রতিফলন।
নাট্যদলটির ভাষ্য, সময়ের পরিবর্তন হলেও সমাজে এ ধরনের সুবিধাবাদী চরিত্রের উপস্থিতি এখনো রয়েছে। সেই বাস্তবতা উন্মোচনের প্রয়াসেই তাদের এবারের প্রযোজনা ‘মুচিরাম গুড়’।
নাটকটির পোশাক, মঞ্চ ও আলোক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন বিক্রম চৌধুরী। সংগীত পরিকল্পনায় শাহীন চৌধুরী, আলোক প্রক্ষেপণে বিক্রম চৌধুরী, মঞ্চ ব্যবস্থাপনায় জানে আলম টিটু এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. তারেক আজিজ।
নাটকটিতে অভিনয় করবেন শাহীন চৌধুরী, বেদারুল হোসেন খোকন, শফিকুর রহমান, মো. নাছির উদ্দিন, লামেছেন এখন রাখাইন, এ কে এম ইসমাইল হোসেন, বছির মিয়া স্বপন, জানে আলম টিটু, সালমা বেগম, কেশব রায়, নাজমুল কবির খান, অরিত্রি চৌধুরী, সুদর্শন চক্রবর্ত্তী, দেবাশীষ ভট্টাচার্য, জনি আচার্য এবং বিবি জহুরা সালমা স্নিগ্ধাসহ অনেকে।


