জনগণের স্বপ্ন পূরণে বিএনপি অঙ্গীকারবদ্ধ—আমীর খসরু

বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছে, দেশের মানুষ বিএনপির ওপর তাদের আস্থা ফিরে পেয়েছে। বিএনপি জনগণের সংগঠন।

তিনি বলেন, জনগণের স্বপ্ন পূরণে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এ দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর দেখানো পথ ধরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ বিনির্মাণের রূপরেখা ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের কদমতলী রেলগেইট এলাকা থেকে তিনি চট্টগ্রাম-১১ আসনে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, এই রূপরেখা জনমানুষের স্বপ্ন পূরণের। এটি একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা। নির্বাচনে জনগণ তাদের মূল্যবান নাগরিক অধিকার ও ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে ইনশাআল্লাহ তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে।

গণসংযোগে তিনি নগরীর ডিটি রোড, শুভপুর বাস স্টেশন, পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের ১ নম্বর গলি, ২ নম্বর গলিসহ সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।

এ সময় চট্টগ্রাম নগর বিএনপি, ডবলমুরিং থানা বিএনপি ও পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।