দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেয়েছেন বহুল আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগের আইনি বাধা দূর হওয়ায় তাকে চাকরিতে পুনর্বহাল করেছে দুদক। জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার পাশাপাশি চাকরিচ্যুতির সময় থেকে সব বকেয়া বেতন-ভাতা ও বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কমিশন।
দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দুদকের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি জারির তারিখ থেকে কার্যকর হবে।
চাকরি ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শরীফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, উপসহকারী পরিচালক পদে যোগ দিয়েছি। মাসখানেকের মধ্যে পদোন্নতির প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। তখন তিনি দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে চট্টগ্রামে কর্মরত থাকাকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম এবং রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো স্পর্শকাতর দুর্নীতির তদন্ত করে আলোচনায় আসেন শরীফ উদ্দিন। এসব ঘটনায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছিলেন তিনি। এর কিছুদিন পরই তাকে চাকরি থেকে অপসারণ করা হলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। দুদকের কর্মকর্তা-কর্মচারীরাও ওই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছিলেন।
চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করেন। একই সঙ্গে রায়ের সার্টিফাইড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে সব প্রাপ্য সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। তবে পরবর্তী সময়ে বর্তমান কমিশন ওই আবেদন আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় লিভ টু আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর আপিল বিভাগ আবেদনটি ‘ডিসমিসড এজ বিং নট প্রেসড’ মর্মে আদেশ দেন। এর মধ্য দিয়ে শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে আইনি বাধা দূর হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর শরীফ উদ্দিন চাকরিতে পুনর্বহালের জন্য কমিশনে আবেদন করেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় তার আবেদনটি উপস্থাপন করা হয়। আদালতের রায় ও তার আবেদন বিবেচনা করে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় কমিশন।
প্রজ্ঞাপন অনুযায়ী, শরীফ উদ্দিন চাকরিতে আগের জ্যেষ্ঠতা ফিরে পাওয়ার পাশাপাশি বিধি মোতাবেক সব বকেয়া বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।


