দুধ-ডিম-চকলেটে জেলেপল্লির শিশুদের মন কাড়লেন ডিসি জাহিদ

0

দুধ, ডিম ও চকলেট নিয়ে চট্টগ্রামের আকমল আলী ঘাটের জেলেপল্লির শিশুদের কাছে হাজির হলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষা, খেলাধুলা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। শিশুদের জন্য ক্রীড়াসামগ্রী এবং মেধাবীদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার কথাও জানিয়েছেন জেলা প্রশাসক।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলে পরিবারের শিশুরাই একদিন নিজেদের সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করবে।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত ৩০ থেকে ৫০ বছরে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানে পরিবর্তন এলেও জেলে সম্প্রদায়ের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। অথচ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের জীবনমান উন্নয়ন ও পেশাগত ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে জেলে সম্প্রদায় ভবিষ্যতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এতে তাদের দীর্ঘদিনের পেশাগত ঐতিহ্যও হুমকির মুখে পড়তে পারে। এ জন্য জেলে পরিবারের সন্তানদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা জরুরি।

জেলে পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে স্বপ্ন ফাউন্ডেশনের সহযোগিতায় আকমল আলী ঘাট এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানান জেলা প্রশাসক। পাশাপাশি লেখাপড়ায় ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু বিদ্যালয় প্রতিষ্ঠা করলেই হবে না, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক হতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন। এ ছাড়া স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলে সম্প্রদায়ের সদস্যদের মাদক ও অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। পাশাপাশি সম্প্রদায়টির জীবনমান উন্নয়নে সহযোগিতার জন্য স্বপ্ন ফাউন্ডেশন এবং জেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।