ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক দিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন

ভারতের রাজধানী নয়া দিল্লিতে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ঢাকার তিন সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছেন। প্রতিনিধি দলে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস অনলাইন এডিটর শিহাবুর রহমান, দৈনিক আজকের প্রভাতের বিশেষ সংবাদদাতা আসিফ হাসান নবী এবং দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপন্ডেন্ট আব্দুর রহমান।

তিন দিনের সফরে তারা তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রথমে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউ দিল্লির ক্রাউন প্লাজা হোটেলে ‘সাউথ এশিয়ান হিরোস অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে যোগ দেবেন। পরের দিন দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্যাম লাল কলেজে অনুষ্ঠিত মিডিয়া কনক্লেভে ‘দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়ন: গণমাধ্যম ও সাংবাদিকতার ভূমিকা’ বিষয়ক আলোচনা সভায় অংশ নেবেন। সফরের শেষ দিন ৮ ফেব্রুয়ারি ভারতী বিদ্যাপীঠ এডুকেশনাল ক্যাম্পাসে ‘দক্ষিণ এশীয় দেশে শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশের পক্ষে একটি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

এই সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও সহযোগিতার নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সফরের শেষে তারা দিল্লি বিশ্ববিদ্যালয়ের টিচার্স এসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবেন এবং শহরের প্রধান দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।