কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৯০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৩৭ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ মাদকবিরোধী অভিযানে মোট ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ৪ হাজার ৫৭৬ পিস ইয়াবা, ৫৩ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ, ৫৯ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।
এ সময় ৩৩টি মাদক মামলা করা হয়। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড এবং মোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, চাঁদপুরে তিনজন, কুমিল্লায় দুজন, নোয়াখালীতে দুজন, লক্ষ্মীপুরে একজন এবং খাগড়াছড়িতে তিনজন রয়েছেন।
জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


