চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের অবস্থান

0

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালনের পর চাকরি হারিয়ে তারা ও তাদের পরিবার আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন বলে দাবি করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় চট্টগ্রামের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় চাকরিতে পুনর্বহালসহ তাদের ন্যায্য দাবি পূরণে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, যথাযথ ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মসংস্থান ও ভবিষ্যৎ জীবিকা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, চাকরি হারানোর পর অনেকে চরম আর্থিক সংকটে পড়েছেন। এতে তাদের পারিবারিক ও সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থসংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। তাদের দাবি, এরই মধ্যে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী মারাও গেছেন।

তারা বলেন, “আমরা চাকরিচ্যুত কর্মকর্তারা কর্মস্থলে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত ও দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।”

আন্দোলনকারীদের প্রত্যাশা, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে তারা আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন। চাকরিতে পুনর্বহাল ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।